ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ পাচারের মামলার বিষয়ে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনায় তারেক রহমানের আবেদনের ওপর আগামী ২ জুন আদেশ দেবে আদালত।
সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ আদেশ দেওয়ার এ দিন ঠিক করেন।
গত ৯ ফেব্র"য়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক রায়ে বলা হয়, তারেকের বিরুদ্ধে অর্থ পাচারের মামলাটি ২০০৯ সালের আইনের পরিবর্তে ২০০২ সালের আইনে চলতে পারে।
ওই রায় 'অস্পষ্ট' দাবি করে ২ মে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তা পুনর্বিবেচনার আবেদন করা হয়।
এতে বলা হয়, ২০০২ সালের আইনে মামলা করার ক্ষমতা দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেই। এই এখতিয়ার শুধু বাংলাদেশ ব্যাংকের। অথচ এর বাদি হিসাবে রয়েছে দুদক। তাই মামলাটি কীভাবে চলবে- সে বিষয়ে রায়ে কিছু বলা হয়নি।
২০০৭ সালের আইনে দুদক মামলা করতে পারলেও এই আইনটি হয়েছে অর্ডিনেন্সের মাধ্যমে। যা নির্বাচনের পরে অনুমোদিত হয়নি। তাই এ আইনেও মামলা চলতে পারে না, বলা হয় আবেদনে।
আদেশের পর তারেকের আইনজীবী আহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০৭ সালের ২০৭, ২০৮ ও ২১৭ নম্বর অধ্যাদেশ নিয়ম অনুযায়ী পরবর্তী সংসদের প্রথম ৩০ দিনে উপস্থাপিত হলেও পাস হয়নি। অথচ সুপ্রিম কোর্টের রায়ে তারেকের মামলার ক্ষেত্রে এই সব অধ্যদেশকে গ্রহণযোগ্য করে রায় দেওয়ায় তাতে অবধারিত ভুল হয়েছে। যা সংশোধন হওয়া প্রয়োজন।"
দুদকের আইনজীবী অ্যাডভোকেট আনিসুল হক সাংবাদিকদের বলেন, "রিভিউর আবেদনে অপরাধ স্বীকার করে নেওয়া হয়েছে। তবে এখন কোন আইনে এই মামলাটি চলবে তা নিয়ে বিতর্ক হচ্ছে।"
তিনি বলেন, "শুনানিতে আমরা বিষদভাবে রায়ের পর্যালোচনা করে দেখিয়েছি, রায়ে ২০০৭ সালের ৭ অধ্যাদেশের কথা উল্লেখ থাকলেও ৮ এবং ১৭ এর কথা উল্লেখ নেই। ওই অধ্যাদেশের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের ২০০৪ সালের শিডিউলে ২০০২ সালের অর্থ পাচার প্রতিরোধ আইনকে যুক্ত করে দেওয়া হয়েছে।"
২০০৯ সালের ২৬ অক্টোবর দুদকের সহকারী পরিচালক মো. ইব্রাহিম বাদী হয়ে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। ওই বছরের ৬ জুলাই তারেক ও মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।
মামলায় অভিযোগ করা হয়, তারেক ও মামুন ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন উপায়ে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা সিঙ্গাপুরে পাচার করেছেন।
টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্র"তি দিয়ে নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের মালিক খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসউদ্দিন আল মামুন এই অর্থ নেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
সিঙ্গাপুরে বসে লেনদেন হওয়ার পর সিটি ব্যাংক এনএ'র ক্যাপিটাল স্ট্রিট শাখায় মামুনের ব্যাংক হিসাবে ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় পাঁচ কোটি ১৭ লাখ টাকা) জমা করা হয়।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ৭ মার্চ তারেককে গ্রেপ্তার করা হয়।
সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে ওই বছরের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর থেকে তিনি সেখানেই রয়েছেন।
তারেকের পক্ষে শুনানি ব্যরিস্টার মওদুদ আহমদ এবং সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৪০৯ ঘ.
bdnews24