ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা-খুনের মাধ্যমে সরকার দেশকে বধ্যভূমিতে পরিণত করেছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার বিকালে বিএনপির এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, "দেশে কোনো শান্তি নেই। হত্যা-খুনের রাজত্ব কায়েম করেছে সরকার। তারা এদেশকে বধ্যভূমিতে পরিণত করে ফেলেছে।
"তাই আর তাদের সময় দেওয়া যাবে না। সবাইকে আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হতে হবে।"
দলের চেয়ারপার্সন খালেদা জিয়া রোববার দেশ ফেরার অল্প কিছুদিনের মধ্যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা হবে বলে জানান তিনি।
৩৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবদুর রহমান হত্যার প্রতিবাদে শনিবার বিকালে তেজগাঁও রেলস্টেশন সড়ক মোড়ে এ সমাবেশ আয়োজন করে বিএনপি।
বৃহস্পতিবার রাতে তেজগাঁওয়ে সন্ত্রাসীদের গুলিতে কাজী আবদুর রহমান নিহত হন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদের তেজগাঁও শিল্পাঞ্চল, গুলশানের নেতা-কর্মী সমর্থকরা সমবেত হয়। তারা সমাবেশ স্থলে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করেন।
কাজী আবদুর রহমান হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
দ্রব্যমূল্যসহ বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে তিনি বলেন, "তারা জনগণের কোনো সমস্যা সমাধান করতে পারেনি। অথচ তাদের বন্ধু প্রতিবেশীদের সব কিছু উজাড় করে দিয়েছে।"
ঢাকার মেয়র ও মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকা বলেন, "তেজগাঁওয়ে এর আগেও বাবুলকে হত্যা করা হয়েছে। কোনো বিচার পাওয়া যায়নি। ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমকে গুম করে নিয়ে যাওয়া হয়েছে। সরকার তার কোনো সন্ধান দিতে পারেনি।
"তাই হত্যাকারীদের যদি দ্রুত খুঁজে বের না করা হয়, তা হলে বুঝতে হবে- ওই হত্যার পেছনে তাদের হাত রয়েছে।"
তেজগাঁও বিএনপির সভাপতি জালাল আহমেদের সভাপতিত্বে এই প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে মহানগরের সদস্য সচিব আবদুস সালাম, যুগ্ম আহবায়ক এম এ কাইয়ুম, দলের কেন্দ্রীয় সহ-সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, যুব দলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, ৪০ নং ওয়ার্ড কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯২৩ ঘ.
bdnews24