২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ই-ভোট হলে বিএনপি নেই: মওদুদ

নির্বাচনে অনিয়মের সুযোগ বন্ধে ই-ভোট চালুর পক্ষে সরকার অবস্থান নিলেও প্রধান বিরোধী দল বিএনপি বলছে, এটি কারচুপির 'হাতিয়ার' হবে। এ জন্য ই-ভোট হলে বিএনপি নির্বাচনে যাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 06:32 AM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে অনিয়মের সুযোগ বন্ধে ই-ভোট চালুর পক্ষে সরকার অবস্থান নিলেও প্রধান বিরোধী দল বিএনপি বলছে, এটি কারচুপির 'হাতিয়ার' হবে। এ জন্য ই-ভোট হলে বিএনপি নির্বাচনে যাবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ শনিবার দলের এক কর্মসূচিতে বলেন, "ই-ভোটিং আমরা মানবো না। আমরা তাতে অংশ নেবো না। বিদ্যমান পদ্ধতিতেই আগামী নির্বাচন হতে হবে।" সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন এবং ৩০ মে সরকারি ছুটি ঘোষণার দাবিতে বিএনপির সংসদ সদস্যদের মানববন্ধন কর্মসূচিতে মওদুদ ইলেক্ট্রনিক ভোটিং নিয়ে দলের অবস্থান তুলে ধরেন। এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও ই-ভোটের সমালোচনা করেছিলেন। মওদুদ বলেন, "আওয়ামী লীগ আগামী নির্বাচনে হেরে যাবে বলেই ভোট কারচুপির নানা ষড়যন্ত্র করছে। ই-ভোটিং পদ্ধতি কারচুপির একটি মহা হাতিয়ার। এর মাধ্যমে যে কাউকে বিজয়ী কিংবা পরাজিত করা সম্ভব।" নির্বাচন কমিশন (ইসি) আগামী সংসদ নির্বাচনে বড় পরিসরে ই-ভোটিং পদ্ধতি চালুর পরিকল্পনা গ্রহণ করেছে। প্রাথমিক উদ্যোগ হিসেবে এর সম্ভাব্যতা যাচাই চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিভিন্ন সময়ে তার বক্তব্যে ই-ভোটের পক্ষে অবস্থান জানান। ২০০৯ সালের ১৭ জুন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে একটি ওয়ার্ডে ই-ভোটিং পরীক্ষা করেছিলো ইসি। ওই নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলম বিজয়ী হয়েছিলেন। সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, "ই-ভোটিংয়ের মাধ্যমে সহজে প্রোগ্রামিং করে ভোট কারচুপি করা যায়। যাকে জেতানো প্রয়োজন তাকে জেতানো যাবে; যাকে হারানো দরকার, তাকে সহজেই কম্পিউটারের মাধ্যমে হারানোও যাবে।" ইসি ও সরকার 'ষড়যন্ত্র' করে এ পদ্ধতি চালুর চেষ্টা করছে, বলেন তিনি। মানববন্ধন কর্মসূচিতে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, বরকতউল্লাহ বুলু, জাফরুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম মঞ্জু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নাজিমউদ্দিন আহমেদ, গোলাম মোস্তফা, হারুনুর রশীদ, হাসিনা আহমেদ, রুমানা মাহমুদ, নীলুফার চৌধুরী মনি, শাম্মী আখতার প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৩০ ঘ.