ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার কোনো 'এজেন্ডা' নেয়নি বলে দবি করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
শুক্রবার রাজধানীতে এক জনসভায় তিনি বলেন, "এ নিয়ে বিরোধী দলের অবস্থা হয়েছে চিলে কান নেওয়ার মতো। চিলের পেছনে ছোটার মতো অবস্থা হয়েছে তাদের।"
ঢাকা মহানগর আওয়ামী লীগ খিলগাঁও জোর পুকুর মাঠে এই জনসভা করে।
প্রধান বিরোধীদল বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেন, "আমরা খালি মাঠে গোল দেবো না। আপনাদের মতো প্রতিদ্বন্দ্বীকে নিয়েই নির্বাচনী মাঠে খেলবো।"
'বিদেশে নয়, সংসদে গিয়ে' মধ্যবর্তী নির্বাচনের দাবি তোলার পরামর্শ দিয়ে বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, "নির্বাচনী কাঠামো ও পদ্ধতি কি হবে তা নিয়ে সরকার ও বিরোধী দলের ঐক্যমত্য প্রয়োজন। বিএনপি নেত্রী খালেদা জিয়া বলছেন, তিনি কোনো কিছুই মানেন না। তাহলে তিনি কোনটা মানেন ?"
খালেদা জিয়ার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দায়ের করা মামলা প্রত্যাহার করার বিষয়ে বিএনপির দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনাসহ কোনো রাজনৈতিক নেতার দুর্নীতির মামলা দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রত্যাহার করেনি। এ জন্য আদালতে গিয়ে মামলা মোকাবেলা করতে হয়েছে। খালেদা জিয়ার মামলা প্রত্যাহার করতে হলেও আদালতে যেতে হবে।
বর্তমান মহাজোট সরকার 'বেশিরভাগ ক্ষেত্রে' সফল দাবি করে সাবেক এ প্রতিমন্ত্রী বলেন, বছর শেষে বিদ্যুত পরিস্থিতি সহনীয় পর্যায়ে চলে আসবে। দ্রব্যমূল্য ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে কিছুটা সময় লাগবে।
পাঁচ বছরে সরকার জনগণকে দেওয়া সব ওয়াদা পূরণ করতে পারবে- এমন আশা প্রকাশ করে স্থানীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী বলেন, পাঁচ বছরের হিসাব পাঁচ বছরেই করতে হবে, আড়াই বছরে করলে হবে না।
খিলগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও সহ-সভাপতি মুকুল চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২১০০ ঘ.
bdnews24