ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির এয়োদশ সংশোধনীর কোনো পরিবর্তন মেনে নেবে না প্রধান বিরোধী দল বিএনপি।
শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ তাদের এই অবস্থানের কথা স্পষ্টভাবে জানান।
তিনি বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে সমঝোতার ভিত্তিতে নিরপেক্ষ কমিশন গঠনের দাবি জানান।
মওদুদ আহমদ বলেন, "সংবিধানের এয়োদশ সংশোধনী অনুযায়ী বিদ্যমান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনেই আগামী নির্বাচন হতে হবে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির কোনো সংশোধনী কিংবা পরিবর্তন আমরা গ্রহণ করব না। সংবিধানে যেভাবে আছে, তা-ই থাকতে হবে।"
শুক্রবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ বলেন, "বিদ্যমান তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি অনুয়ায়ী আমরা আগামী নির্বাচন চাই। অন্য কোনো পদ্ধতি মানব না।"
ইলেক্ট্রনিক ভোটিং পদ্ধতির বিরোধিতা করে মওদুদ বলেন, "ভোট কারচুপির জন্যই দেশে এই পদ্ধতি সরকার চালু করতে চাচ্ছে। এটা আমরা গ্রহণ করবো না। ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইউরোপে ই-ভোটিং পদ্ধতিতে ভোট গ্রহণ হয় না। আমাদের দেশের মানুষ এমনিতেই অশিক্ষিত। তারা এই পদ্ধতিতে ভোট দিতে পারবেন না।"
তিনি অভিযোগ করেন, আবার ক্ষমতায় আসার জন্য সরকার পরিকল্পিতভাবে এই পদ্ধতি চালু করতে চাচ্ছে।
বর্তমান নির্বাচন কমিশন সরকারের 'আজ্ঞাবহ ও বিতর্কিত' অভিহিত করে সাবেক আইনমন্ত্রী বলেন, "এই কমিশন ভেঙ্গে সমঝোতার ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। একতরফা কোনো কমিশন গঠন মেনে নেয়া হবে না।"
দেশের বর্তমান অবস্থা তুলে ধরে মওদুদ বলেন, "বর্তমান সরকার একদলীয় বাকশালী শাসনে বিশ্বাসী। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। সরকারের ফ্যাসিবাদী মন-মানসিকতার কারণে বর্তমানে দেশে রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছে।"
সংগঠনের সভাপতি শ্যামা ওবায়েদ এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, আইন বিষয়ক সহ সম্পাদক নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধ প্রজন্মের সিনিয়র সহসভাপতি এ কে আজাদ, সহসভাপতি আবুল হাশেম প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৪০০ ঘ.
bdnews24