ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা মওদুদ আহমদ দাবি করেছেন, দেশে দুঃশাসন চলছে। সরকার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।
তিনি একদলীয় 'বাকশালী' শাসনের বিভিন্ন দিক নতুন প্রজন্মের কাছে আরো বেশি করে প্রচারের জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবানও জানান।
বৃহস্পতিবার বিকালে এক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য এ আহ্বান জানান।
মওদুদ বলেন, "যাদের হাতে একদলীয় শাসন প্রবর্তন হয়েছিলো, তাদের হাতে গণতন্ত্র সচল থাকতে পারে না- এটা জনগণ আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। তাদের (সরকার) জনপ্রিয়তা দিন দিন হ্রাস পাচ্ছে।"
'সমন্বয়হীনতার' কারণে সরকার লক্ষ্যহীনভাবে এগুচ্ছে মন্তব্য করে তিনি বলেন, গণতন্ত্র, জাতীয় সংসদ ও সংবিধান নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।
এই অবস্থা থেকে মুক্তি পেতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহবানও জানান মওদুদ।
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপ লাউঞ্জে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০ তম মৃত্যু দিবসকে সরকারি ছুটি ঘোষণার দাবিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাবেক আইনমন্ত্রী মওদুদ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 'বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা' আখ্যায়িত করে তার ভূমিকার কথা উল্লেখ করেন।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ''তিনি (জিয়া) বাংলাদেশে যে আদর্শ রেখে গেছেন, আওয়ামী লীগ আরও বেশিদিন ক্ষমতায় থাকলেও তার নাম জনগণের মন থেকে মুছে ফেলতে পারবে না।''
বর্তমান সরকারের জনপ্রিয়তা দিন দিন হ্রাস পাচ্ছে বলেও দাবি করেন মওদুদ।
তিনি মনে করেন, আগামীতে নির্বাচন হলে দেশের জনগণ তাদের (সরকার) বিরুদ্ধে সঠিক রায় দেবে।
জিসাস-এর সভাপতি আবুল হাশেম রানার সভাপতিত্বে আলোচনা সভায় সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, সদস্য সচিব রিনা খান প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯১০ ঘ.
bdnews24