২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতি রসাতলে যাচ্ছে: মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের অর্থনীতিকে সরকার 'রসাতলে' নিয়ে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 01:04 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের অর্থনীতিকে সরকার 'রসাতলে' নিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার বিকালে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, "দেশে বর্তমানে কোনো বিনিয়োগ নেই। পুঁজিবাজারকে ধ্বংস করে ফেলা হয়েছে। সরকারের ভ্রান্ত নীতির কারণে অর্থনীতির প্রবৃদ্ধির সব সূচকই বর্তমানে নিচের দিকে। এই ভয়াবহ চিত্র থেকে বোঝা যায় আমাদের অর্থনীতি রসাতলে যাচ্ছে। "বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা করতেই সুপরিকল্পিতভাবে এই কাজটি করা হয়েছে।'' জাতীয় প্রে ক্লাবের সম্মেলন কক্ষে জিয়া পরিষদের উদ্যোগে 'বাংলাদেশ ও আমাদের বর্তমান অর্থনৈতিক অবস্থা : একটি সামগ্রিক পর্যালোচনা' শিরোনামের এই আলোচনা সভা হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ফরিদ উদ্দিন খান। সাবেক কৃষি প্রতিমন্ত্রী মির্জা ফখরুল বলেন, এখন দেশে ভারী শিল্পের যন্ত্রাংশ আমদানি হচ্ছে না। এতে বোঝা যায় শিল্পায়ন নেই। ফলে বেকারত্ব ক্রমশই বাড়ছে। "কেবল তাই নয়, আমাদের সরকারের আমলে নেওয়া অর্থনৈতিক সংস্কার বিশেষ করে গ্রামীণ অর্থনীতির প্রবৃদ্ধি বাড়ানোর ঋণসুবিধা বন্ধ করে দিয়েছে বর্তমান সরকার।" একইভাবে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আগামীতে দেশকে একটি মধ্যম রাষ্ট্রে পরিণত হওয়ার সব স্বপ্ন এখন তিমিরে বিনষ্ট করা হচ্ছে বলে মনে করে অর্থনীতির সাবেক শিক্ষক মির্জা ফখরুল। মির্জা ফখরুল বলেন, "সরকার আড়াই বছরে দেশের জনগণের সমস্যা সমাধানে কোনো কাজ করেছে বলে দৃশ্যমান নয়। তারা যুদ্ধাপরাধীর বিচারের নামে বিরোধী দলকে দমন-নির্যাতন করেছে। বিচার বিভাগকে দলীয়করণ করে একদলীয়ভাবে তারা দেশ পরিচালনা করছে।" এ পরিস্থিতি থেকে উত্তরণে জনগনকে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় দলের সহসভাপতি সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল আহসান চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সলিমুল্লাহ খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিকুল ইসলাম, জিয়ার পরিষদ নেতা অধ্যক্ষ মাহবুবুল আলম প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯০৫ ঘ.