সিলেট, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সমালোচনার মুখে থাকা র্যাবের প্রশংসা করে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেছেন, দেশের মানুষ এই বাহিনীকে চায়।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের চাওয়ার কথা তুলে ধরে তিনি বুধবার সিলেটে নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক সভায় এ কথা বলেন।
ছহুল বলেন, "শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যত প্রার্থী আমার কাছে আবেদন করেছেন, তারা সবাই নির্বাচনে র্যাব মোতায়েনের দাবি জানিয়েছেন।
"আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের মানুষ র্যাবকে চায়। র্যাব এখনো জনপ্রিয়। র্যাবের ওপর মানুষের অগাধ বিশ্বাস রয়েছে", বলেন তিনি।
র্যাবের বিরুদ্ধে মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার জবাবে সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে, র্যাবকে বিলুপ্ত করার 'চক্রান্ত' করা হচ্ছে।
সিলেট জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ছহুল আরো বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগেই চিহ্নিত সব সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ইউপি নির্বাচনের জন্য ৮২৪ জন নির্বাহী ও ৪৪০ জন বিচারিক হাকিম মাঠে থাকবেন বলে জানান তিনি।
এছাড়া জেলা নির্বাচন কর্মকর্তার অধীনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে একটি করে পরিদর্শক দলও থাকবে।
আগামী ৩১ মে থেকে ৫ জুলাই পর্যন্ত ৫৭ জেলায় ৩ হাজার ৮০০ এর বেশি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এক সময় ইউপি নির্বাচনে মন্ত্রীরাও হস্তক্ষেপের চেষ্টা চালাতেন মন্তব্য করে এই নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনের কড়াকড়ির কারণে এখন মন্ত্রীরা ঠিক হয়ে গেছেন।
"শতকরা ১০ ভাগ সংসদ সদস্য নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেন। তাদেরকে আচরণবিধির আওতায় আনার চিন্তা-ভাবনা চলছে", বলেন ছহুল।
ভোট কেন্দ্রে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে ছহুল বলেন, "আমি অনেকবার ভোট কেন্দ্র থেকে ফিরে এসেছি। আমি যাওয়ার আগেই আমার ভোট দিয়ে দেওয়া হতো। তবে এখন দেশে সে অবস্থা নেই। জাতীয় পরিচয়পত্র থাকায় এখন কেউ আর জাল ভোট দেওয়ার চিন্তাও করে না।"
যে কোনো মূল্যে নির্বাচনকে কালো টাকার প্রভাবমুক্ত রাখার ঘোষণা দেন তিনি।
প্রার্থীদের নির্বাচনী ব্যয় প্রসঙ্গে ছহুল জানান, কোনো প্রার্থী মেজবান বা মিলাদ মাহফিলের আয়োজন করলে তা নির্বাচনী ব্যয় হিসেবেই ধরা হবে।
সিলেটের জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিমের সভাপতিত্বে ও জেলা নির্বাচন কর্মকর্তা সামসুল আলমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন ভূঁইয়া, সিলেট মহানগর পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়
bdnews24