২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র রহিম-রেজ্জাকুলকে কারাফটকে জিজ্ঞাসাবাদ

১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই প্রধানকে চট্টগ্রাম কারাফটকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 10:11 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

চট্টগ্রাম, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই প্রধানকে চট্টগ্রাম কারাফটকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। এনএসআই'র এই সাবেক দুই প্রধান হলেন- অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী। সোমবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত সংস্থার (সিআইডি) সিনিয়র সহকারী পুলিশ সুপার ও এ মামলার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী তাদের জিজ্ঞাসাবাদ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বেলা সাড়ে ১২টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত দুজনকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রাম সিইউএফএল এর সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে পৃথক দুটি মামলা দায়ের করে। এ ঘটনায় সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক দুই গোয়েন্দা প্রধানসহ মোট ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৬০৫ ঘ.