২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট মামলায় আসামি হচ্ছেন হারিছ

আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীকে আসামি করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 09:45 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীকে আসামি করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানোর আবেদনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ সুপার আব্দুল কাহহার আকন্দ আদালতকে এ কথা জানান। বেশ কিছুদিন ধরেই বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিলো- ওই ঘটনায় তারেক রহমানকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। গত ১৪ মে-ও দলটি অভিযোগ করে, তারেককে ২১ অগাস্ট হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলায় জড়ানোর চেষ্টা করছেন মামলার তদন্ত কর্মকর্তা। এর মাত্র ৮ দিনের মাথায় হারিছের সংশ্লিষ্টতার অভিযোগ আনা হলো। রোববার আব্দুল কাহহার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানোর জন্য ৩০ দিন সময় চেয়ে আবেদন করেন। পরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ফজিলা বেগম সময় বাড়িয়ে ২২ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের সময় রাখেন। সময় বাড়ানোর আবেদনে কাহহার বলেন, এ মাসেই আল মারকাজুল নেতা মাওলানা আব্দুর রশিদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যুদ্ধাপরাধ মামলায় কারাগারে আটক জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। "এছাড়া মুফতি হান্নানের বর্ধিত স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুর্নীতির মামলায় ইতোমধ্যে দণ্ডিত পলাতক হারিছ চৌধুরীকেও এ মামলায় গ্রেপ্তারের চেষ্টা চলছে।" প্রাপ্ত তথ্য যাচাই-বাছাইয়ের জন্য আরো সময় প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। জরুরি অবস্থা জারির পর থেকে পলাতক বিএনপির সাবেক যুগ্মমহাসচিব হারিছ। পলাতক অবস্থায় বিভিন্ন মামলায় তার সাজার আদেশও হয়েছে। ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় দলীয় নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন অনেকে। ওই ঘটনার পর মতিঝিল থানায় একটি মামলা করা হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় হত্যার ঘটনায় একটি এবং বিস্ফোরক আইনে আরেকটি মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, নিষিদ্ধ হরকাতুল জিহাদ নেতা হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগপত্র দেয় সিআইডি। পরে দুই মামলায়ই অধিকতর তদন্তের আবেদন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/এএল/এমআই/১৫৪০ ঘ.