মাদারীপুর, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মধ্যবর্তী নির্বাচন দাবি প্রত্যাখ্যান করে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে এবং জঙ্গিবাদ সৃষ্টির জন্য তারা এ দাবি জানাচ্ছে।
শনিবার মাদারীপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, "বর্তমান সরকারের উন্নয়নকে ব্যাহত করা এবং বিএনপির নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা মধ্যবর্তী নির্বাচন দাবি করছে। কিন্তু এর কোনো যৌক্তিকতা নেই। যুদ্ধপরাধীদের বাঁচাতে ও জঙ্গিবাদ সৃষ্টির জন্য তারা এটা চাইছে।"
স্থানীয় জেলা পরিষদ মিলনায়তেন দুস্থ ও অসহায় মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "যারা বর্তমানে নারী নীতি নিয়ে পানি ঘোলা করছে তারাই ১৯৭১ সালে নারীদের নিয়ে হোলি খেলেছে।"
দারিদ্র্য বিমোচনের জন্য কর্মসংস্থান সৃষ্টিই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানান মন্ত্রী।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এস মাহবুবুর রহমান সভাপতিত্ব করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রেজাউল কবীর, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান খান।
অনুষ্ঠানে ২১টি সেলাই মেশিন ও ১০ মুক্তিযোদ্ধার প্রতিজনকে ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭৫৫ ঘ.
bdnews24