২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে সাংবিধানিক 'নৈরাজ্য' বিরাজ করছে: মওদুদ

দেশে সাংবিধানিক 'নৈরাজ্য' বিরাজ করছে বলে দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 02:34 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে সাংবিধানিক 'নৈরাজ্য' বিরাজ করছে বলে দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি। বৃহস্পতিবার বিকালে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ দাবি করেন। তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আদালত বাতিল বলে রায় দিয়েছে। এই রায় মানলে বর্তমান সংসদ ও সরকার কি বৈধ থাকে? কারণ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। আদালতের রায়ের কারণেই দেশে আজ সংবিধানিক নৈরাজ্য বিরাজ করছে।" এ অবস্থা থেকে উত্তরণে বর্তমান সরকারকে হটাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানও জানান সাবেক এই আইনমন্ত্রী। গত ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণা করে রায় দেয় সুপ্রিম কোর্ট। তবে আগামী দুটি সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে মত দিয়েছে আদালত। রায়ে আরো বলা হয়, বিদায়ী প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিদের বাদ রেখে সংসদ এ সরকার পদ্ধতি সংস্কার করতে পারে। বিকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে 'তৃতীয় স্বর' নামে একটি সংগঠনের উদ্যোগে 'আদালত, সংসদ ও সাংবিধানিক বির্তক : গণতন্ত্রের ভবিষ্যৎ ' শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মওদুদ অভিযোগ করেন, "আমরা এক অবৈধ যুগে বাস করছি। আদালত একের পর এক সংবিধানের সংশোধনী অবৈধ ঘোষণা করেছেন। তাদের ওইসব রায় স্ববিরোধী।'' তবে উচ্চ আদালতের ওইসব রায় সংসদ ও জনগণ মানতে বাধ্য নয় বলে মনে করেন তিনি। বিদায়ী প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সমালোচনা করে এই বিএনপি নেতা আরো বলেন, "বিদায়ী প্রধান বিচারপতি নিজেই বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা সোনার হরিন। তাই আমরা আগে থেকেই বলে আসছিলাম সরকার বিচার বিভাগে দলীয়করণ করে একে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে।'' আদালতে মানুষ ন্যায় বিচার পাচ্ছে না বলেও দাবি করেন মওদুদ। সংগঠনের আহবায়ক কাজী ফিরোজা ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সাংবাদিক মাহমুদ শফিক, এরশাদ মজুমদার, বাংলাদেশ জাতীয় পার্টির (মতিন) মহাসচিব আবু নাসের মো. রহমাতুল্লাহ, চেঞ্জ মেকারস এর নির্বাহী পরিচালক তানভীর সিদ্দিকী, শিখা অনিবার্ণের সম্পাদক চিত্ত ফ্রান্সিস রেভেরো, তৃতীয় স্বর এর সদস্য সচিব আহমেদ সেলিম রেজা প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০২২ ঘ.