গাইবান্ধা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন দাবিতে বুধবার উপজেলা সদরে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।
হরতাল চলাকালে উপজেলা সদরে সকল অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও দোকান বন্ধ ছিল। এসময় যানবাহন চলাচল করেনি।
ঘুড়িদহ ইউনিয়ন নাগরিক কমিটির ডাকে এই হরতাল পালিত হয়।
ঘুড়িদহ ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি সেলিম আহম্মেদ তুলিপ সাংবাদিকদের জানান, গত ২৫ এপ্রিল সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন ছাড়া বাকী ৯টি ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
তিনি জানান, ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতা জেলা নির্বাচন কর্মকর্তাকে প্রভাবিত করে নির্বাচন কমিশনে ওই ইউনিয়নের কয়েকটি মৌজা যমুনা নদীতে বিলীন হওয়ায় ভোটাররা অন্যত্র চলে গেছে বলে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করেন।
চেয়ারম্যানের দেওয়া তথ্যের সরেজমিন তদন্ত ছাড়াই ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয় বলে দাবি করেন তুলিপ।
সাঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার আহমেদ জানান, হরতাল চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
হরতাল শেষে বেলা ২টায় একটি বিক্ষোভ মিছিল সাঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে পথসভা করে।
পথসভায় বক্তব্য রাখেন সেলিম আহম্মেদ তুলিপ, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মোজাহারুল হক, তোফাজ্জল হোসেন প্রমুখ।
বক্তারা ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল অবিলম্বে ঘোষণার দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭২০ ঘ.
bdnews24