গোপালগঞ্জ, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার সকালে বাবুরগাতী গ্রামে এ সংঘর্ষ চলাকালে তিনটি বাড়িতে ভাংচুর চালানো হয়। একটি মোটরসাইকেলও ভাংচুর করে সংঘর্ষকারীরা।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ আকাশ সরদার ওরফে হাবিল (২৫) ও হিঙ্গুল সরদার (৬৫) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে।
আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) কাজী মতিয়ার রহমান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বাবুরগাতী গ্রামের সালাম সরদার প্রতিবেশী খোকা সরদারের বাড়িতে পাওনা ধান আনতে গেলে ইউপি নির্বাচন নিয়ে দু'জনের কথা কাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতি হয়।
এ দু'জন হলেন চেয়ারম্যান পদপ্রার্থী মুকসুদ আলী খান ও বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান খানের সমর্থক।
এর জেরে সকাল ১০টার দিকে দু'জনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষের সময় সাহেব আলী সরদার, ঠান্ডু সরদার ও ফরহাদ মীরের বাড়িতে হামলা ও ভাংচুর চালানো হয়। সাহেব আলীর বাড়ির একটি মোটরসাইকেলও ভাংচুর করে তারা।
ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮০০ ঘ.
bdnews24