২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে যুবদল নেতাকে পিটিয়ে হত্যা

কুড়িগ্রাম সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি কামাল আহমেদ বিপুলকে (৩২) পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার জন্য সরকার সমর্থক তরুণ লীগ ও ছাত্রলীগকে দায়ী করেছে যুবদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2011, 01:33 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

কুড়িগ্রাম, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি কামাল আহমেদ বিপুলকে (৩২) পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার জন্য সরকার সমর্থক তরুণ লীগ ও ছাত্রলীগকে দায়ী করেছে যুবদল। তবে ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকাল ৩ টায় শহরের পাওয়ার হাউজ পাড়া এলাকায় বিপুলের ওপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর শুক্রবার সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঘটনার সময় বিপুলের সঙ্গে থাকা মাহবুবার রহমান মুর্তুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকেলে বিএনপির বিক্ষোভ মিছিল শেষে একটি ক্রিকেট ব্যাট কিনে রিকশায় করে বাড়ি ফিরছিলেন তারা। পাওয়ার হাউজ এলাকায় পৌঁছানোর পর কুড়িগ্রাম শহর তরুণ লীগের আহ্বায়ক মাসুদ লোহার রড নিয়ে আকস্মিকভাবে বিপুলের ওপর চড়াও হন। বিপুল বাধা দেওয়ার চেষ্টা করলে এক পর্যায়ে ছাত্রলীগ কর্মী শাহীন ব্যাট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে সঙ্গে সঙ্গে লুটিয়ে পরেন বিপুল। মাহাবুব বলেন, মাটিতে পড়ে যাওয়ার পরও এলোপাতাড়ি মারধর করা হয় বিপুলকে। পরে স্থানীয় লোকজন তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অস্থার অবনতি হলে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বিপুলকে। শুক্রবার সকালে খলিলগঞ্জ বাজার এলাকায় বিপুলদের বাড়িতে গিয়ে দেখা যায় শত শত মানুষের ভিড়। স্ত্রী ইশরাত জাহান ইলা একমাত্র মেয়ে তামান্না তাবাসসুমকে (৪) নিয়ে দিশেহারা। কান্নজড়িত কন্ঠে ইলা বলেন, "আমি খুনিদের ফাঁসি চাই।" এদিকে বিপুলের মৃত্যুর খবর পৌঁছানোর পর শুক্রবার দুপুর ১২টা থেকে খলিলগঞ্ছ বাজার এলাকায় রংপুর-কুড়িগ্রাম সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে যুবদল কর্মীরা। ফলে সড়ক পথে কুড়িগ্রামের সঙ্গে অন্যান্য জেলার যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ কর্মীরা ১২ ঘণ্টার মধ্যে বিপুলের খুনিদের গ্রেপ্তারের দাবি জানায়। সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা মাজেদুল ইসলাম তারা ও আজাহারুল ইসলাম মানু। পরে বিকাল সাড়ে ৩টার দিকে স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মো. জাফর আলী ও জেলা পুলিশ সুপার মাহাবুবুর রহমান খুনিদের গ্রেপ্তার ও বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাসুদ, শাহীনসহ ৪/৫ জন বিপুলের ওপর এই হামলা চালায়। তবে জেলা ছাত্রলীগের সভাপতি আইয়ুব আলীর দাবি, সন্ত্রাসীরা তার সংগঠনের কেউ না। সদর থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত কেউ এজাহার দেয়নি। তবে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনার পর শহরের বিভিন্ন স্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৯১৫ ঘ.