ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিলেও বিএনপি দাবি জানিয়েছে, আগামী নির্বাচন অবশ্যই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। অন্য কোনো সরকারের অধীনে নয়।
মঙ্গলবার বিকালে এক আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।
সেইসঙ্গে তিনি এও বলেন, উচ্চ আদালতের রায়ের বিষয়ে দলীয় প্রতিক্রিয়া বুধবার জানানো হবে। মঙ্গলবার রাতে দলের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করবেন।
মঙ্গলবার সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এর আওতায় আগামী দুটি সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে মত দিয়েছে আদালত।
সর্বোচ্চ আদালত আরো বলেছে, বিদায়ী প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিদের বাদ রেখে সংসদ এ সরকার পদ্ধতি সংস্কার করতে পারে।
এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, "আমাদের নেত্রী (খালেদা) ইতিমধ্যেই বলে দিয়েছেন, একজন নির্দলীয়, নিরপেক্ষ ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে। অন্য কোনো সরকারের অধীনে নির্বাচন মেনে নেওয়া হবে না।''
রাজধানীর গ্রীন রোডের একটি কমিউনিটি সেন্টারে স্বেচ্ছাসেবক দলের তেজগাঁও ও শিল্পাঞ্চল থানা সম্মেলন-২০১১ উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচন কমিশনের ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি চালুরও বিরোধিতা করেন।
তিনি দাবি করেন, এই পদ্ধতিতে 'ডিজিটাল কারচুপি' করে ভোটের ফলাফল পাল্টানো যায়। যুক্তরাষ্ট্র ও ভারতের অনেক রাজ্যে ইতিমধ্যে এই পদ্ধতিতে ভোট গ্রহণ বাতিল করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, সরকার ইলেকট্রনিক ভোটিং পদ্ধতির মাধ্যমে 'কারচুপি' করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়। এটা কোনোভাবেই বিএনপি মেনে নেবে না।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, সম্মিলিত বিরোধী দলের দাবির পরিপ্রেক্ষিতে '৯১ সালে এয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রবর্তন করা হয়েছিলো। '৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত ওই ব্যবস্থার অধীনে নির্বাচন হয়েছে। ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের বিধিবদ্ধ ৯০ দিনের স্থলে সম্পূর্ণ অবৈধভাবে দুই বছর ক্ষমতা দখল করে বসেছিলো।
তবে তিনি এ রায়ের বিষয়ে কোনো মন্তব্য করেননি।
ভারপ্রাপ্ত মহাসচিব সরকারের কথিত ব্যর্থতার সমালোচনা করে আন্দোলনের প্রস্তুতি নিতে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের আহবান জানান।
স্বেচ্ছাসেবক দলের তেজগাঁও থানা সভাপতি আবু জাফর পাটওয়ারী বাবু'র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দিন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ-সমাজকল্যাণ সম্পাদক মো. সাহাব উদ্দিন, তেজগাঁও থানা বিএনপির সভাপতি জালাল আহমেদ, ওয়ার্ড কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সিনিয়র সহ-সভাপতি মুনীর হোসেন, সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, মহানগর উত্তরের আহবায়ক ইয়াসীন আলী, তেজগাঁও থানার সিনিয়র যুগ্ম আহবায়ক সাহাবুদ্দীন মুন্না প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০০০ ঘ.
bdnews24