ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ হরকাতুল জিহাদের (হুজি) বর্তমান আমির শেখ ফরিদকে এবার সিপিবির সমাবেশে বোমা হামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন নিজেদের হেফাজতে পেয়েছে সিআইডি।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনে মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন।
ফরিদকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার সিআইডির তদন্ত বিভাগের পরিদর্শক ও এ মামলার তদন্ত কর্মকর্তা মৃনাল কান্তি সাহা ১০ দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন জানান।
২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় দুই দফায় ১১ দিন রিমান্ড শেষে এদিনই ফরিদকে আদালতে হাজির করা হয়। এ সময় তার পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী জাফর খান।
২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে সিপিবির (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি) সমাবেশে বোমা হামলায় পাঁচ জন নিহত হয়, আহত হয় অনেকে।
এ মামলায় এর আগে হুজির বর্তমান নায়েবে আমির মো. আব্দুল হান্নান ওরফে সাব্বির, হুজি নেতা মাওলানা আবু তাহের, শেখ আবদুস সালাম, আরিফ হাসান সুমন, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা আবদুল লতিফকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
সাব্বিরকে এ মামলায় সোমবার দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নেয় সিআইডি।
গত ২৬ এপ্রিল ফরিদকে গ্রেপ্তার করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মহানগর পাবলিক প্রসিকিউটর মো. আব্দুল্লাহ আবু, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও আকরাম উদ্দিন শ্যামল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৭১৩ ঘ.
bdnews24