ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের দেওয়া রায়কে 'দূরদর্শী ও সাহসী' উল্লেখ করে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, কমিটি এ রায় গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
মঙ্গলবার রায়ের প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, "এটা সাহসী রায়, দূরদর্শী রায়। এটি একটি প্রসপেক্টাস জাজমেন্ট। রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর সংবিধান সংশোধনে বিশেষ কমিটি তা গুরুত্ব সহকারে বিবেচনা করবে।"
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বিষয়ে বিশেষ কমিটির অবস্থান তুলে ধরে কো চেয়ারম্যান বলেন, "বিশেষ কমিটিও নীতিগতভাবে একমত যে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অনন্তকাল থাকতে পারে না।"
সাবেক প্রধান বিচারপতিদের তত্ত্বাধায়ক সরকারের দায়িত্ব থেকে দূরে রাখার বিষয়ে আদালতের পরামর্শকে সমর্থন জানিয়ে সুরঞ্জিত বলেন, "এখন বল এসে পড়েছে রাজনীতিকদের কোর্টে।"
সংবিধানের ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত আপিলের শুনানি শেষে আপিল বিভাগ মঙ্গলবার সকালে রায় ঘোষণা করে। এ রায় দেওয়া হয় সংখ্যাগরিষ্ঠ বিচারকের মতামতের ভিত্তিতে।
রায়ের পর সরকারের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছেন। তবে বলেছেন, শান্তিশৃঙ্খলা ও ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আগামী দুটি সাধারণ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে। একইসঙ্গে বিচার বিভাগকে এর সাথে না জড়ানোর পক্ষে মত দিয়েছে।"
১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যোগ করা হয়। এরপর থেকে নির্বাচিত সরকারের মেয়াদ শেষে সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হচ্ছে।
সুপ্রিম কোর্ট সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে দেওয়ার পর ওই রায়ের আলোকে সংবিধান সংশোধনের উদ্যোগ নেয় সরকার।
গত বছরের ২১ জুলাই সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান ও সুরঞ্জিত সেনগুপ্ততে কো-চেয়ারম্যান করে ১৫ সদস্যের সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়।
এই কমিটির সদস্যরা সংবিধানের বিভিন্ন দিক পর্যালোচনা করার পর প্রধামন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে। নিবন্ধিত রাজনৈতিক দল সাবেক প্রধান বিচারপতি, বিশিষ্টজন ও সম্পাদকদের মতামতও নিয়েছে তারা। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির পক্ষে-বিপক্ষে এবং এর সংস্কার নিয়েও বিভিন্ন পরামর্শ ও সুপারিশ এসেছে এসব বৈঠকে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ এখনই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল না করে তা সংস্কারের পক্ষে মত দিয়েছে কমিটির সঙ্গে বৈঠকে।
দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৯০ দিনে বেঁধে দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ওই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে না পারলে আগের সংসদের অধীনে নির্বাচন হবে। তিনিও সাবেক প্রধান বিচারপতিদের এ বব্যস্থার বাইরে রাখার পক্ষে মত দেন।
বিশেষ কমিটির কো-চেয়ারম্যান ইতোমধ্যে জানিয়েছেন, ২২ মে নবম সংসদের নবম অধিবেশনের প্রথম সুযোগেই সংবিধান সংশোধন বিষয়ে প্রতিবেদন দেওয়া হবে। একইসঙ্গে এ সংক্রান্ত খসড়া বিল উত্থাপন করা হবে।
সংসদে প্রতিবেদন দেওয়ার পর সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি বিলুপ্ত হয়ে যাবে বলে জানান সুরঞ্জিত সেনগুপ্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/জেকে/১৬৫০ ঘ.
bdnews24