ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, শুধু দুই তৃতীয়াংশ সদস্যের ভোটের মাধ্যমে নয়, সংবিধান সংশোধনের বিল পাসে বিভক্তি ভোটের প্রয়োজন হবে।
সোমবার সংসদ ভবনের প্রচারকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত।
বিভক্তি ভোটের বিষয়ে তিনি বলেন, "কার্যপ্রণালী বিধির ৯৯ সেকশনে বলা আছে- কেবল দুই তৃতীয়াংশ হলেই হবে না, বিভক্তি ভোট হতে হবে। প্রত্যেকেই একে একে ভোট দেবেন এবং বেরিয়ে যাবেন। তারপর স্পিকার ভোট গণনা করবেন। এটা খুব ইন্টারেস্টিং হবে।
"আসন্ন সংসদ অধিবেশনে বিশেষ বিল হিসেবে এটি উত্থাপিত হবে। তবে এটি সরকারি বা বেসরকারি বিলের মতো উত্থাপন করা হবে না।"
আগামী ২২ মে সংসদের নবম অধিবেশন শুরু হবে।
কো-চেয়ারম্যান জানান, আগামী অধিবেশনেই সংবিধান সংশোধন সংক্রান্ত বিল পাস হতে পারে। এ বিল পাসের প্রক্রিয়া খুবই জটিল এবং সময় সাপেক্ষ হবে।
"সরকারি এবং বেসরকারিভাবে বিল পাসের বিধান থাকলেও সংসদ কার্যপ্রণালী বিধির ৯৯ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের বিভক্তি ভোটের মাধ্যমে সংবিধান সংশোধন বিল পাস করা হবে। তাতে করে মন্ত্রী পরিষদেও এটি যাওয়ার প্রয়োজন হবে না। বরং সংসদে উত্থাপনের পর আইন মন্ত্রণালয়ের অনুমোদন হলেই হবে।"
সুরঞ্জিত জানান, মন্ত্রণালয়ের অনুমোদনের পর সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে আরো আলোচনা হবে। বিরোধী দল ওই কমিটির বৈঠকে অংশ নিয়েও এ বিষয়ে তাদের মতামত দিতে পারবেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অধিবেশনের প্রথম সুযোগেই প্রতিবেদন দেওয়া হবে। সেই সঙ্গে এ সংক্রান্ত খসড়া বিল উত্থাপন করা হবে। তবে ৯ জুন বাজেট উত্থাপনের পরেও এ বিষয়ে আলোচনা চলতে পারে।
সংসদে প্রতিবেদন দেয়ার পরই সংবিধান সংশোধনে গঠন করা বিশেষ কমিটি বিলুপ্ত হয়ে যাবে বলে জানান সুরঞ্জিত সেনগুপ্ত।
গত বছরের ২১ জুলাই সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান ও সুরঞ্জিত সেনগুপ্ততে কো-চেয়ারম্যান করে ১৫ সদস্যের সংবিধান সংশোধনে বিশেষ এ কমিটি গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২১৪ ঘ.
bdnews24