ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে যারা গণপরিষদ গঠনের দাবি করছেন তারা জ্ঞানপাপী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।
সোমবার তিনি বলেন, "সংবিধান সংশোধনের বিষয়ে সংসদ ভেঙে দিয়ে যারা গণপরিষদ গঠনের দাবি করেছেন তারা জ্ঞানপাপী। মূল সংবিধান প্রণয়নের সময়ই কেবল গণপরিষদ গঠন করা হয়ে থাকে।"
ড. এম এ ওয়াজেদ মিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় আমির হোসেন আমু একথা বলেন।
রোববার এক আলোচনায় সংবিধান সংশোধনের জন্য গণপরিষদ গঠনের দাবি জানান ব্যরিস্টার নাজমুল হুদা।
নাম উল্লেখ না করলেও বিএনপির প্রতি ইঙ্গিত করে আমু সোমবার বলেন, "সংবিধানের প্রস্তাবনা ও ত'লধারায় তারাই ছোরা চালিয়েছে। আমরা তা চালাইনি। সংবিধানের মূল চরিত্র ফিরিয়ে আনতে যেটা করা উচিত আওয়ামী লীগ সেটাই করার চেষ্টা করছে। সংবিধান ১৪ বার সংশোধিত হয়েছে। যার বেশিরভাগ সময়ে তারাই ক্ষমতায় ছিলো।"
সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটিতে যোগ দিয়ে বিএনপি শুভবুদ্ধির পরিচয় দেবে বলেও আশা প্রকাশ করে আমির হোসেন আমু।
ড. ওয়াজেদের স্মৃতিচারণ করতে গিয়ে আমু বলেন, "ওয়াজেদ মিয়া পর্দার অন্তরালে থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের উৎসাহিত করেছেন এবং দুঃসময়ে সাহস দিয়ে ঐক্যবদ্ধ রেখেছেন।"
এদিকে ড. ওয়াজেদ স্মরণে ওলামা লীগের আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, "দেশ ও আওয়ামী লীগ কোনোটাই সঙ্কটে নেই। সঙ্কটে রয়েছে বিএনপি-জামায়াত। এ কারণেই বিএনপি মধ্যবর্তী নির্বাচন দাবি করছে।"
মওলানা ইলিয়াস হোসেন বিন হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংসদ সানজিদা খানম প্রমুখ।
ড. ওয়াজেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুধাসদনে দিনব্যাপী প্রার্থনা ও আছরের নামাজের পর মিলাদ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯০৮ ঘ.
bdnews24