ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলাটি চলবে কি না সে বিষয়ে শুনানি শেষ হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার জেষ্ঠ বিশেষ জজ মো. জহরুল হকের আদালতে এ শুনানি হয়। তবে বিচারক শুনানি গ্রহণ করে কোনো আদেশ দেননি।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশারফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, দুপুরে আদালত এ বিষয়ে আদেশ দেবে।
শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তারেকের পক্ষে ছিলেন ব্যরিস্টার রফিক উল হক।
রফিক উল হক শুনানিতে বলেন, "সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তারেকদের বিরুদ্ধে মামলা ২০০৯ সালের মুদ্রা পাচার আইনে নয়, ২০০২ সালের মুদ্রা পাচার আইনের অধীনে চলবে বলে মতামত দেন। কিন্তু ২০০২ সালে দুদক ছিলো না। দুদকের এই মামলা করার কোনো এখতিয়ারও নেই। মামলা করার এখতিয়ার ছিলো বাংলাদেশ ব্যাংকের।"
রফিক আরো বলেন, "এ মামলা কিভাবে চলবে আপিল বিভাগ সে বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি। এ অস্পষ্টতার কারণে রিভিউ আবেদনও করা হয়েছে। সেই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এর গ্রহণযোগ্যতার বিষয়ে আদেশ মুলতবি করা হোক।"
মাহবুবে আলম বলেন, "রিভিউ আবেদন নিষ্পত্তি না হলেও মামলা আমলে নিতে কোনো বাধা নেই। এ মামলার অভিযোগপত্র অনেক আগে দাখিল করা হয়েছে।"
এ পর্যায়ে আদালত আসামি পক্ষের উদ্দেশে বলে, "এ বিষয়ে আপনারা বহুবার সময় নিয়েছেন। এছাড়া সর্বোচ্চ আদালতেরও এ মামলায় কোনো স্তগিতাদেশ নেই।"
গত ৩ এপ্রিল আসামিদের আবেদনে এ মামলাটির গ্রহণযোগ্যতার শুনানি নবমবারের মতো পিছিয়ে যায়।
এ মামলায় গত বছরের ৬ জুলাই বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহীম।
অভিযোগপত্রে বলা হয়, তারা দুজন ২০০৩ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ২০ দশমিক ৪১ কোটি টাকা সিঙ্গাপুরে পাচার করেছেন।
দুদক ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করে।
দেশে জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে ওই বছরের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। তখন থেকেই তিনি লন্ডনে অবস্থান করছেন।
তারেকের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে অন্তত ১৪টি মামলা বিচারাধীন। তার বন্ধু মামুন বর্তমানে কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৪২৮ ঘ.
bdnews24