ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল।
ট্রাইব্যুনালকে বরাদ্দ করা ধানমণ্ডির একটি বাড়িকে জিজ্ঞাসাবাদের জন্য ব্যবহার করছে তদন্ত দল, একেই সেফ হোম বলা হচ্ছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নিজামীকে কারাগার থেকে সেফ হোমে নেওয়া হয়। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলে বলে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
জিজ্ঞাসাবাদের পর নিজামীকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
তদন্ত কর্মকর্তা সানাউল হক সাংবাদিকদের বলেন, পাকিস্তানি বাহিনীর চাপে আল বদর বাহিনী গঠন করেছেন বলে নিজামী দাবি করেছেন।
"আল বদর বাহিনীর বিভিন্ন অপরাধের কথা তিনি (নিজামী) স্বীকার করলেও এতে নিজে জড়িত ছিলেন না বলে দাবি করেছেন তিনি", বলেন তদন্ত কর্মকর্তা।
অন্যদিকে নিজামীর আইনজীবী তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, "নিজামী জিজ্ঞাসাবাদে কিছুই বলেননি, তিনি নিশ্চুপ ছিলেন।"
জিজ্ঞাসাবাদের সময় নিজামীর ওপর মানসিক 'পীড়ন' চালানো হয় বলেও অভিযোগ করেন তিনি। জিজ্ঞাসাবাদের সময় আদালতের নির্দেশ অনুযায়ী সেফ হোমেই ছিলেন নিজামীর কৌঁসুলি তাজুল।
নিজামীর পর জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদকে ৮ মে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা হবে।
গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে এ পর্যন্ত মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দল জামায়াতের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া দুই বিএনপি নেতাও গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী কারাগারে থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮১৭ ঘ.
bdnews24