২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতোয়া: শেষ হলো আপিলের শুনানি

ফতোয়াকে অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের ওপর আপিল শুনানি শেষ হয়েছে। আপিল বিভাগ রায়ের জন্য আবেদনটি অপেক্ষমান তালিকায় রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফতোয়াকে অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের ওপর আপিল শুনানি শেষ হয়েছে। আপিল বিভাগ রায়ের জন্য আবেদনটি অপেক্ষমান তালিকায় রেখেছে। বুধবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ৬ বিচারপতির বেঞ্চে শেষ দিনের শুনানি হয়। এদিন শুনানিতে বক্তব্য রাখেন আপিল আবেদনকারী মুফতি মো. তৈয়বের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং অপর আপিল আবেদনকারী মাওলানা আবুল কালাম আজাদের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এছাড়াও মামলার দুই অ্যামিকাস কিউরি টিএইচ খান ও মাহমুদুল ইসলাম শুনানিতে অংশ নেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, "ফতোয়া বন্ধে বিধি-নিষেধ দেওয়া ঠিক হবে না। সংবিধানের ৩৯ অনুচ্ছেদে বাক স্বাধীনতার অধিকার এবং অন্যের বিষয়ে হস্তক্ষেপ না করার কথা বলা হয়েছে। তাই নতুন করে বিধি-নিষেধ দেওয়ার প্রয়োজন নেই।" হাইকোর্টের স্ব-প্রণোদিত আদেশ সম্পর্কে তিনি বলেন, "আমাদের সংবিধান ও হাইকোর্ট রুলস যে অবস্থায় আছে, তাতে লিখিত আবেদন ছাড়া স্ব-প্রণোদিত আদেশ দেওয়ার ক্ষমতা আদালতের নেই। তবে রুলস সংশোধন করা যেতে পারে।" নজরুল ইসলাম বলেন, "গ্রাম্য সালিশ আর ফতোয়া এক বিষয় নয়। ফতোয়ার নামে প্রচারিত সালিশগুলো ফতোয়া নয়। তাই ফতোয়াকে থাকতে দিতে হবে।" টিএইচ খান বলেন, "সংবিধানের ১০১ ও১০২ অনুচ্ছেদের আলোচ্য বিষয় অত্যন্ত পরিষ্কার। ১০২ অনুচ্ছেদ অনুযায়ী আবেদনপত্র ছাড়া হাইকোর্ট স্ব-প্রণোদিত আদেশ দিতে পারে না।" ২০০১ সালের ১ জানুয়ারি বিচারপতি গোলাম রাব্বানী ও বিচারপতি নাজমুন আরা সুলতানার হাইকোর্ট বেঞ্চ এক স্ব-প্রণোদিত আদেশে ফতোয়াকে অবৈধ ঘোষণা করে রায় দেয়। ওই রায়ের বিরুদ্ধে একই বছর মুফতি মো. তৈয়ব ও মাওলানা আবুল কালাম আজাদ আপিল করেন। ১০ বছরের বেশি সময় পর এ বছরের ১ মার্চ আপিলের শুনানি শুরু হয়। শুনানিতে আদালত-বন্ধু (অ্যামিকাস কিউরি) হিসাবে টি এইচ খান, ব্যরিস্টার রফিক উল হক, ব্যরিস্টার রোকনউদ্দিন মাহমুদ, মাহমুদুল ইসলাম, ড. এম জহির, এ বি এম নুরুল ইসলাম, এ এফ হাসান আরিফ, তানিয়া আমীর এবং এম আই ফারুকী বক্তব্য রাখেন। এছাড়া এই মামলায় পক্ষভুক্ত হওয়া মালেকা বেগমসহ তিন ব্যক্তির পক্ষে ব্যারিস্টার আমীর-উল ইসলাম এবং আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে ড. কামাল হোসেন ও ব্যারিস্টার সারাহ হোসেন শুনানিতে অংশ নেন। ফতোয়া নিয়ে হাইকোর্টের আরো একটি রায় রয়েছে। গত বছরের ৮ জুলাই বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের দেওয়া অন্য এক রায়ে ফতোয়ার নামে স্থানীয় সালিশে বিচারবহির্ভূত শাস্তি অবৈধ ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/এমআই/১৮২৭ ঘ.