ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব শ্রেণী-পেশার মানুষই গৃহকর্মী নির্যাতনের সঙ্গে জড়িত উল্লেখ করে এ বিষয়টিকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)।
মে দিবস উপলক্ষে সোমবার বিলস আয়োজিত এক সেমিনারের মূল প্রবন্ধে বলা হয়, "গবেষণায় দেখা গেছে গৃহকর্মী নির্যাতনের ক্ষেত্রে ব্যবসায়ী, ডাক্তার, সাবেক বিচারপতি, সাবেক সেনা কর্মকর্তা, পুলিশসহ সমাজের সুবিধাপ্রাপ্ত প্রায় সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ রয়েছে। তাই কোনোভাবেই এই স্পর্শকাতর বিষয়টি এড়ানোর সুযোগ নেই।"
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'গৃহশ্রমিকের অধিকার, বর্তমান অবস্থা: কার কী করণীয়' শীর্ষক এই সেমিনারে মূল প্রবন্ধ পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এ এস এম আতিকুর রহমান।
তিনি বলেন, বিভিন্ন দেশে গৃহকর্মীর শ্রমকে আনুষ্ঠানিক মর্যাদা দেওয়া হলেও বাংলাদেশে এখনো বিষয়টি অনানুষ্ঠানিক পর্যায়ে রয়ে গেছে।
গৃহশ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় এবং নির্যাতন প্রতিরোধে শ্রম আইনে গৃহশ্রমিকদের বিষয়টি অন্তর্ভুক্ত করাসহ ঘরের কাজে শিশুশ্রম নিষিদ্ধ করা এবং গৃহশ্রমিক নির্যাতন মনিটরিং ও তদারকি সেল গঠনের দাবি জানান আতিকুর রহমান।
জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন মাস্টার বলেন, "আমরা যদি এ বিষয়টিকে আইনের আওতায় আনতে পারি, তাহলে গৃহশ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও নির্যাতন প্রতিরোধ সহজ হকে।"
গৃহকর্মীদের অধিকার বিষয়ে আগামী জুনে জেনেভায় অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) বিশেষ কনভেনশনে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান সেমিনারের আলোচকরা।
প্রধান অতিথির বক্তব্যে শ্রমমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন গৃহকর্মীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সুপারিশমালা তৈরির ক্ষেত্রে গৃহকর্মীদের মতামত নেওয়ার ওপর গুরুত্ব দেন। এ জন্য তিনি বিলসের মহাসচিব নজরুল ইসলাম খানকে একটি বিশেষ সেমিনার আয়োজনের আহ্বান জানান।
মন্ত্রী বলেন, "জেনেভায় অনুষ্ঠেয় কনভেনশনের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। কনভেনশনে বাংলাদেশ শুধু বলিষ্ঠ ভূমিকাই রাখবে না, অগ্রণী ভূমিকা পালন করবে।"
তিনি বলেন, "২০০৬ সালের শ্রম আইন পরিবর্তিত হতে যাচ্ছে। এক্ষেত্রে গৃহকর্মী ছাড়াও আউটসোর্সিংয়ের ক্ষেত্রে শ্রমিকদের স্বার্থ কীভাবে রক্ষা করা যায়- সে বিষয়েও বিশেষ নজর দেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/২১১৬ ঘ.
bdnews24