ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ঐক্য জোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীকে চট্টগ্রাম যেতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তার দল। তবে পুলিশ বলছে, তারা বাধা দেয়নি, শুধু না যেতে অনুরোধ করেছে।
ইসলামী ঐক্য জোটের প্রচার সম্পাদক ওহালুল্লাহ ওয়াসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (শনিবার) হুজুরের পটিয়া ও হাটহাজারী মাদ্রাসায় যাওয়ার কথা ছিলো। সকাল ১০টার দিকে লালবাগ থানার ওসি আজিজুর রহমান তাকে জানান, ওপরের নির্দেশ থাকায় তিনি চট্টগ্রাম যেতে পারবেন না।"
লালবাগে দলের কার্যালয়ও পুলিশ ঘিরে রেখেছে দাবি করে ওয়াসেল বলেন, "আমাদের বের হতে দিচ্ছে না।"
এ বিষয়ে লালবাগ থানার ওসি আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি তাকে বাধা দেইনি। তাকে অনুরোধ করে বলেছি, গত কয়েকদিনের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে না যেতে।"
আমিনীর কার্যালয় ও বাড়িতে পুলিশের অবস্থানের বিষয়ে তিনি বলেন, "উনার ছেলে অপহৃত হওয়ার পর বাড়তি নিরাপত্তার জন্য পুলিশ অবস্থান নিয়ে আছে।"
আমিনী চট্টগ্রামে কোনো সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন কি না- জানতে চাইলে ওয়াসেল বলেন, কোনো সমাবেশ নয়, পটিয়া ও হাটহাজারী মাদ্রাসায় দলের নেতা-কর্মীদের সঙ্গে আলাচনা করাই তার উদ্দেশ্য ছিলো।
'বাধা' দেওয়ার বিষয়ে শনিবার বিকালে লালবাগে সংবাদ সম্মেলন করেন আমিনী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২৭ মে ঢাকায় সমাবেশে বাধা দিলে ২৯ মে হরতাল ডাকা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/এমআই/১৬০০ ঘ.
bdnews24