ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই সময়ে সভা ডাকায় বুধবার মুক্তাঙ্গনে তিনটি ইসলামী সংগঠনের সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।
সংগঠন তিনটি হচ্ছে- শরীয়াহ আইন বাস্তবায়ন কমিটি, সর্বদলীয় ইসলামী ঐক্য পরিষদ এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
বুধবার সকাল ৬টা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মুক্তাঙ্গন, পল্টন ময়দান, দৈনিক বাংলা মোড়, জিরো পয়েন্ট, বায়তুল মোকাররম উত্তর ও দক্ষিণ গেট, শাপলা চত্বর, ফুলবাড়িয়া, সেগুনবাগিচা, রমনা ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, ছড়ি বা লাঠি, বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমইউএস/এমআই/২০১০ ঘ.
bdnews24