২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংসদীয় কমিটির সামনে প্রধানমন্ত্রী এই প্রথম'

দেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী সংসদীয় কমিটির সামনে উপস্থিত হতে যাচ্ছেন। বুধবার সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটির বৈঠকে মত দেওয়ার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 01:49 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী সংসদীয় কমিটির সামনে উপস্থিত হতে যাচ্ছেন। বুধবার সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটির বৈঠকে মত দেওয়ার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ইতোমধ্যে তার কাছে বিশেষ কমিটির আমন্ত্রণ পৌঁছে গেছে। সংসদ ভবনের দ্বিতীয় তলার কেবিনেট কক্ষে সকাল ১২টায় এ বৈঠক হবে। মঙ্গলবার বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''এই প্রথম একটি কমিটির সামনে আসছেন প্রধানমন্ত্রী। সংসদীয় গণতন্ত্র চর্চা ও অনুশীলনে এটি দৃষ্টান্ত হয়ে থাকবে।'' তবে উপ-মহাদেশে সংসদীয় কমিটির সামনে প্রধানমন্ত্রী উপস্থিত হওয়ার নজির রয়েছে বলে জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এ সভাপতি। 'দৃষ্টান্ত হয়ে থাকবে' সুরঞ্জিত জানান, উপমহাদেশে একমাত্র ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং সংসদীয় কমিটির সামনে এসেছেন। বাংলাদেশে তা বুধবার ঘটতে যাচ্ছে। ''সংবিধান সংশোধনে বিশেষ কমিটির কাছে আওয়ামী লীগ সভানেত্রী তার মতামত দেবেন। এর মাধ্যমে সংসদীয় গণতন্ত্র আরো শক্তিশালী হবে। বিরোধী দলসহ সবার কাছে তা ভালো দৃষ্টান্ত হবে।" রাজনৈতিক সংস্কৃতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তিনি। সংবিধান সংশোধনে বিশেষ কমিটির বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও প্রধান বিরোধী দল বিএনপি ও শরিক বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি তাতে অংশ নেয় নি। তাদের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ থাকায় দলটিকে আমন্ত্রণ জানায়নি কমিটি। এক সময়ের বিএনপি নেতা অলি আহমেদ নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিও বৈঠকে আসেননি। বিরোধী নেতার এ ভাষা হতে পারে না বিরোধী দলের বৈঠকে না আসা প্রসঙ্গে কো-চেয়ারম্যান সুরঞ্জিত বলেন, "এরপরও তাদের মতামত দেওয়ার পথ তো খোলা রয়েছে। বৈঠকে না এলেও সংবিধান সংশোধনের প্রস্তাব বিল আকারে সংসদে এতে বক্তব্য দিতে পারবেন তারা।" তবে বিশেষ কমিটির আমন্ত্রণের বিষয়ে বিরোধী দলীয় নেতার চিঠির ভাষার কঠোর সমালোচনা করেন তিনি। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া 'এ আমন্ত্রণকে দুরভিসন্ধিমূলক' আখ্যা দেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "এটা সংসদীয় ভাষা নয়। বিরোধীদলীয় নেতার কথায় ও দলীয় সিদ্ধান্তের বিষয়ে দেওয়া চিঠির ভাষায়ও শালীনতা থাকতে হবে। শব্দ চয়নেও সংসদীয় চর্চা করতে হবে।" তিনি বলেন, বিরোধী দল বলতে পারতো চিঠির কথা হয়তো অস্পষ্ট। কিন্তু সংসদীয় কমিটির আমন্ত্রণ কীভাবে দুরভিসন্ধিমূলক হয়? প্রশ্ন রাখেন সুরঞ্জিত। "না এলে তো করার কিছু নেই। দরজা খোলা। আসার জন্যও বলেছি আমরা। ইচ্ছে থাকলে আসবে, না এলে পুলিশ দিয়ে লাঠিয়ে তো আনা যাবে না।" সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, গত বছরের ২১ জুলাই সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করা হয়। এ কমিটি এ পর্যন্ত ১৬টি বৈঠক করে সদস্যদের মতামত নেন। পরে সর্বদলীয় আলোচনায় রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানাতে একটি বৈঠক করেন তারা। এরপর ধারাবাহিক আলোচনায় গত রোববার বিচারপতি, সংবিধান বিশেষজ্ঞ ও আইনজ্ঞ; সোমবার সংসদে প্রতিনিধিত্বকারী দল ও মহাজোটের শরিক জাতীয় পার্টি, ওয়ার্কাকার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, গণতন্ত্রী পার্টি ও ন্যাশনাল আওয়ামী পার্টির মতামত নেয় বিশেষ কমিটি। বিশেষ কমিটির ২০তম বৈঠক হবে বুধবার ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে। অবশ্য এর আগে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ১১-১৩ এপ্রিল বিশেষ কমিটি কাজের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন। জনগণকে জানাতেই বিলম্ব সংবিধান সংশোধনে দীর্ঘ আলোচনার বিষয়ে কো চেয়ারম্যান বলেন, "এমেন্ডমেন্ড করতে তো সময় লাগে না। লিখে দিলেই হয়ে যায়। কিন্তু গণতন্ত্রে তাড়া করা যায় না। জনগণকে জানিয়ে তা করতে হবে।" তিনি জানান, জনগণই গণতন্ত্রের প্রধান শক্তি। সংবিধান সংশোধন বিষয়ে আলোচনার ফলে জনগণই সচেতন ও শিক্ষিত হচ্ছে। বিশেষ কমিটির একের পর এক আলোচনায় বিলম্ব হওয়ায় সংবিধান সংশোধনে বিশেষ অধিবেশন আর আসছে না বলে জানান কো-চেয়ারম্যান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ও কমিটির কো চেয়ারম্যান সংসদ ভবনের প্রচার কক্ষে জানান, সংবিধান সংশোধনের প্রস্তাব বিল আকারে উত্থাপনে বিশেষ অধিবেশন ডাকা হতে পারে। সুরঞ্জিত বলেন, "আর বিশেষ অধিবেশন হবে না মনে হয়। বাজেট অধিবেশনে এটা বিল আকারে উঠবে।" এ পর্যন্ত বিশেষ কমিটির মতামত ও সদস্যদের মধ্যে কি কি বিষয়ে মতৈক্য ও মতানৈক্য হয়ে তা জানাতে অস্বীকৃতি জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯৩৬ ঘ.