২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হলের ১১ নেতাকে বহিষ্কার করলো ঢাবি ছাত্রলীগ

সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে হাজী মুহাম্মদ মুহসীন হল ছাত্রলীগের সভাপতিসহ ১১ নেতাকে বহিষ্কার করেছে সরকার সমর্থক সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 01:13 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে হাজী মুহাম্মদ মুহসীন হল ছাত্রলীগের সভাপতিসহ ১১ নেতাকে বহিষ্কার করেছে সরকার সমর্থক সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সোহেল রানা টিপু ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয়। একইসঙ্গে ওই হল ছাত্রলীগের কমিটির কার্যক্রমও স্থগিত করা হয়েছে। ভোরে ওই হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়। আহত কয়েকজনও রয়েছে বহিষ্কারের তালিকায়। বহিষ্কৃতরা হলেন- হলের সভাপতি শেখ মুহাম্মদ আলী, বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, হল শাখার যুগ্মসম্পাদক মিনহাজউদ্দিন সোহাগ, যুগ্মসম্পাদক মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মাহি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক সাকেরুজ্জামান, সহসম্পাদক আবু বকর সিদ্দিকী রাহাত, সহসম্পাদক হান্নান তালুকদার, সহসম্পাদক আকরামুল হক নিটোল ও সদস্য মেহেদী। সংঘর্ষের পর সোহেল রানা সাংবাদিকদের বলেছিলেন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিও আহ্বান জানান তিনি। সংঘর্ষ তদন্তে হল কর্তৃপক্ষ ইতোমধ্যে তিন সদস্যের একটি কমিটি করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কেএম সাইফুল ইসলাম বলেছেন, তদন্তে যাদের দোষ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিশ্ববিদ্যালয় শাখা বহিষ্কারের আগেই ছাত্রলীগের হল শাখা আট জনকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায়। তবে ওই বিশ্ববিদ্যালয় শাখার সিদ্ধান্তে ওই শাখার কার্যক্রমই এখন স্থগিত। দুপুরের পর হল শাখার সভাপতি শেখ মুহাম্মাদ আলী ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আট জনকে বহিষ্কারের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান। যে আটজনকে বহিষ্কার করা হয়, তাদের চারজনই বিভিন্ন বিভাগের দ্বিতীয় বর্ষে পড়েন। আর একজন প্রথম বর্ষে। অপর তিনজন পড়েন তৃতীয় বর্ষে। বহিষ্কৃতরা হলেন- আল মামুন (৩য় বর্ষ ও সহ-সম্পাদক, হল শাখা), তানভীর (৩য় বর্ষ ও সহ-সম্পাদক), হান্নান (৩য় বর্ষ ও সহ-সম্পাদক), মুস্তাফিজ (২য় বর্ষ ও সদস্য), সাব্বির (২য় বর্ষ), মুনসুর (২য় বর্ষ ও সদস্য), শাওন (২য় বর্ষ) এবং মেহেদী জুনিয়র (১ম বর্ষ)। এছাড়া পাঁচ জনকে কারণ দর্শানোর নোটিসও দেওয়া হয়। তারা হলেন- সংঘর্ষে জড়িত তিন পক্ষের তিন প্রধান মহিউদ্দিন মাহি (সাংগঠনিক সম্পাদক), মিনহাজউদ্দিন সোহাগ (যুগ্ম-সম্পাদক) ও আবু বকর সিদ্দিকী রাহাত (সহ-সম্পাদক) এবং মিজান (সাংগঠনিক সম্পাদক) ও সাকের (প্রচার সম্পাদক)। হলের ছাত্ররা জানায়, রাহাত ও সোহাগের সমর্থকরা একজোট হয়ে মাহির সমর্থকদের ওপর হামলা চালায়। হলে আধিপত্য প্রতিষ্ঠাই মঙ্গলবারের এ সংঘাতের কারণ বলে মনে করছে পুলিশ। শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই হলের সভাপতির অনুসারী দুটি পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।" তিনি বলেন, "মুহসীন হলের অবস্থান বেশ গুরুত্ব্পূর্ণ। এখান থেকে প্রশাসনিক ভবন খুব কাছে। ফলে বিভিন্ন টেন্ডারের কাজে প্রভাব রাখা যায় এ হল থেকে। আর সেই সব কারণে হলে নিয়ন্ত্রণ রাখতেই এ সংঘর্ষ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এমআই/১৯০০ ঘ.