নেত্রকোনা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি দেয়াকে কেন্দ্র করে নোয়াখালী জেলা বিএনপির দু'পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে আইনজীবী ও সাংবাদিকও রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চাল ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা বিএনপির একটি পক্ষ মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেয়। এই অংশের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু এবং সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার। স্মারকলিপি দেওয়ার পর তারা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ শুরু করে।
এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ আশরাফ উদ্দিন খানের নেতৃত্বে বিএনপির অপর অংশের নেতাকর্মীরা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়ে ফেরার সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সময় দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়।
এতে বিএনপি নেতা খায়রুল রশীদ খান পাঠান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন রিপন, জেলা ছাত্রদল নেতা শরীফুল আলম সবুজ, গোলাম মোস্তফা, আতিকুল্লাহ, মনিরুজ্জামান শামীম, সোহাগ, মাহফুজ, রফিকুল ইসলাম, টাইগার বিপ্লব, অ্যাডভোকেট সামছুদ্দিন ইলিয়াস ও সাংবাদিক একেএম এরশাদুল হক জনিসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের ফটকের সামনে র্যাব ও পুলিশ থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন।
এই সংষর্ষের ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
বেলা ২টার দিকে বিএনপির ক্ষুব্ধ নেতাকর্মীরা মোক্তারপাড়ায় জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মান্নান তালুকদারের বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।
জেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান নুরু সাংবাদিকদের বলেন, "আমাদের সমাবেশ চলাকালে আশরাফ উদ্দিন খানের সমর্থক কতিপয় উশৃঙ্খল নেতাকর্মী হামলা চালায়। আমাদের লোকজন প্রাণভয়ে আইনজীবী সমিতির কার্যালয়ে গিয়ে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে ঢুকে নেতাকর্মীদের বের করে এনে প্রহার করে।"
এদিকে আশরাফ উদ্দিন খান এ অভিযোগ অস্বীকার করে বলেন, "ওদের প্রতি দলের বেশিরভাগ নেতাকর্মীর আস্থা নেই। ওদের নেতৃত্ব না মানার কারণেই এ ঘটনা ঘটেছে।"
উল্লেখ্য, জেলা বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে এক বছর ধরে জেলা বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল চলছে। এর ফলে দুটি গ্র"প পৃথক কর্মসূচি পালন করে আসছে। কোন্দলের কারণেই দু'মাস ধরে জেলা বিএনপির কার্যালয় তালাবদ্ধ রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৫১ ঘ.
bdnews24