ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বিরুদ্ধে 'অর্থপাচার' অভিযোগ প্রমাণ করার চ্যালেঞ্জ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ এ রকম 'মিথ্যাচার' করে জনগণের সমস্যাকে আড়াল করতে চায়।
মঙ্গলবার এক আলোচনা সভায় তিনি বলেন, "আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিরোধীদলীয় নেতার সম্পর্কে মিথ্যাচার করেছেন। আমি চ্যালেঞ্জ করছি, তার ওই বক্তব্য মিথ্যা। আমি তাকে চ্যালেঞ্জ করছি আপনি প্রমাণ করুন।"
সোমবার আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহবুব-উল আলম হানিফ বলেন, "ক্ষমতা ছাড়ার কিছুদিন আগে বিশেষ বিমানে করে তৎকালীন প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সৌদি আরবে অর্থ-সম্পদ পাচার করেন।"
"এটা প্রমাণ করতে পারলে আমাদের রাজনীতি ছেড়ে চলে যেতে হবে। আওয়ামী লীগ এরকম মিথ্যাচার করে জনগণের সমস্যাকে আড়াল করতে চায়", বলেন ফখরুল।
জাতীয় প্রেসক্লাবে দুপুরে জিয়া কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে 'বাংলাদেশি জাতীয়তাবাদ ও জিয়াউর রহমান' শীর্ষক এই আলোচনা সভা হয়।
ফখরুল সরকারকে 'ব্যর্থ' উল্লেখ করে বলেন, "ব্যর্থতার পাহাড় এতো বড় হয়েছে যে, তাদের অবশ্যই পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে। নইলে গণঅভ্যূত্থানের মতোই এরকম সরকারকে চলে যেতে হবে।"
সংবিধান সংশোধনে সরকারের উদ্যোগেরও সমালোচনা করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, "সংসদকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নিয়ে তারা দূরভিসন্ধি ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়।"
সরকার জনগণের সমস্যা সমাধানের পরিবর্তে তাদের সঙ্গে প্রতারণা করছে অভিযোগ করে ফখরুল বলেন, "এই সরকার হিপোক্রেট সরকার। তারা একদিকে গণতন্ত্রের কথা বলে। অন্যদিকে কাজ করে সব অগণতান্ত্রিক। ইতিহাস বিকৃতি করে নতুন প্রজন্মকে মিথ্যা ইতিহাস শুনাচ্ছে। এভাবে ইতিহাস বিকৃতি করে জিয়াকে মুছে ফেলা যাবে না।"
সংগঠনের চেয়ারম্যান শাহ্ নুরুল কবির শাহিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জমান মিঞা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, কৃষক দলের সহসভাপতি আবু তাহের, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৬১০ ঘ.
bdnews24