২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংবিধান সংশোধন একদলীয় শাসন ফেরানোর চেষ্টা'

বিএনপি মনে করে, সংবিধান সংশোধনে সরকারের নেওয়া প্রক্রিয়া গ্র্রহণযোগ্য নয়। এটি একদলীয় শাসন ফেরানোর চেষ্টা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2011, 12:50 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি মনে করে, সংবিধান সংশোধনে সরকারের নেওয়া প্রক্রিয়া গ্র্রহণযোগ্য নয়। এটি একদলীয় শাসন ফেরানোর চেষ্টা। সোমবার বিকালে এক সংবাদ ব্রিফিঙে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ দলের এই অবস্থানের কথা জানান। তিনি বলেন, "যে প্রক্রিয়ায় সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে, তা বিএনপির কাছে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি সংবিধান নিয়ে সরকারের উদ্যোগ বিভ্রান্তিকর। এটা একদলীয় শাসনে ফিরিয়ে আনার একটি প্রচেষ্টা।" একইসঙ্গে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার চিঠি বিষয়ে সংবিধান সংশোধন বিষয়ে সংসদীয় বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্য প্রসঙ্গে মওদুদ বলেন, এটা সঠিক নয়। বিরোধীদলীয় নেতার চিঠির বক্তব্য মার্জিত ও তথ্যনির্ভর। পরে সাংবাদিকদের কাছে চিঠিটির অনুলিপিও সরবরাহ করা হয়। সকালে সংসদীয় কমিটির বৈঠকের পর সংসদ ভবনের প্রচারকক্ষে সংবাদ সম্মেলনে কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত বলেন, "বিএনপি যে চিঠি পাঠিয়েছে, তার ভাষা অসৌজন্যমূলক, অগণতান্ত্রিক, সংসদীয় শিষ্টাচার বহির্ভূত ও অনাকাক্সিক্সক্ষত বলে আমাদের কাছে মনে হয়েছে।" বিরোধীদলীয় নেতাকে সোমবার সকাল ১১টায় বৈঠকে যেতে আমন্ত্রণ জানানো হয়েছিলো। তবে বৈঠকে যেতে অসম্মতি জানিয়ে সকালে তিনি কমিটির চেয়ারম্যান ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে চিঠি পাঠান। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার বিকালে এই সংবাদ ব্রিফিং হয়। সংসদীয় বিশেষ কমিটির বৈঠকে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার না যাওয়ার কারণ এবং দুপুরে ওই কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেন গুপ্তের বক্তব্যের জবাব দিতে এই সংবাদ ব্রিফিঙের আয়োজন করা হয়। সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ বিরোধীদলীয় নেতা কেন বিশেষ কমিটির বৈঠকে যাননি তা ব্যাখ্যা করেন। তিনি বলেন, সরকার সংবিধানে কী কী পরিবর্তন আনতে চান- তা বলছেন না। একটি সংসদকে পাশ কাটিয়ে সংবিধান মুদ্রণ করা হয়েছে। আবার সংশোধনীর বিষয়ে সভায় যোগ দিতে আমন্ত্রণও জানাচ্ছেন। অন্যদিকে পঞ্চম সংশোধনীর বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় পুর্নবিবেচনার জন্য সুপ্রিম কোর্টে দুই আবেদন রাষ্ট্রপক্ষ পেশ করেছে। "এই দুইটি বিষয় সাংঘর্ষিক ও রহস্যজনক। এটা একদলীয় শাসনে ফিরিয়ে আনার একটি প্রচেষ্টা।" বিশেষ কমিটির চেয়ারম্যান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গত ২০ এপ্রিলের চিঠির প্রসঙ্গ টেনে সাবেক আইনমন্ত্রী বলেন, ওই চিঠির সঙ্গে সংবিধান সংশোধনের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব বা বিশেষ কমিটির বৈঠকের কার্যপত্র, ১০ ফেব্র"য়ারি সরকারি গেজেট দ্বারা প্রকাশিত সংবিধানের অনুলিপি (কপি) কোনোটিই দেওয়া হয়নি। "সংসদকে পাশ কাটিয়ে ১০ ফেব্র"য়ারি যে সংবিধান মুদ্রণ করা হয়েছে তা সংবিধানের ১৪২ অনুচ্ছেদ লঙ্ঘিত হয়েছে।" মওদুদ বলেন, বিরোধী দলের নেতা তার চিঠিতে বলেছেন- সংবিধান নিয়ে সরকারের পরস্পরবিরোধী সাংঘর্ষিক বক্তব্য ও পদক্ষেপ চরম বিভ্রান্তি সৃষ্টি করেছে। এ ব্যাপারে সরকারের সঠিক অবস্থান জনগণ জানে না। এই প্রেক্ষাপটে আমরা মনে করি যে বিশেষ কমিটির সভায় যোগ দেয়ার প্রস্তাব সরকারের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার একটি কৌশল মাত্র। সেহেতু সেই সভা অর্থবহ হবে না। তবে এক প্রশ্নের জবাবে সাবেক আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের প্রস্তাব মন্ত্রিপরিষদ দ্বারা অনুমোদন হওয়ার পর তা সংসদে উপস্থাপনে অপেক্ষায় আছি আমরা। "ওই প্রস্তাব দেখে সিদ্ধান্ত নেওয়া হবে প্রধান বিরোধী দল সংসদের বিশেষ অধিবেশনে যোগ দেবে কি না।" স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সংবিধান সংশোধনের কথা ছিলো না। এ বিষয়ে বর্তমানের তাদের অবস্থান দূরভিসন্ধিমূলক ও অস্পষ্ট। সংবাদ ব্রিফিঙে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, মোহাম্মদ শাহজাহান, রহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, অর্থনৈতিক সম্পাদক আবদুস সালাম, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন। সংবিধান সংশোধনে গত বছরের ২১ জুলাই সংসদ উপনেতা সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের এ বিশেষ কমিটি গঠন করা হয়। সরকারি দলের আহ্বান সত্ত্বেও কমিটিতে নিজেদের অন্তর্ভুক্ত করেনি বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৪০ ঘ.