ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর অদূরে কেরানীগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জেহাদের (হুজি) শীর্ষস্থানীয় একজন নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার ভোরে অভিযান চালিয়ে তাদেরকে একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে হুজির বর্তমান নায়েবে আমীর মো. আব্দুল হান্নান ওরফে সাব্বির এবং হুজির সদস্য আইনুল হক।
হুজির বর্তমান দায়িত্বপ্রাপ্ত আমির মাওলানা শেখ ইয়াহিয়ার ডান হাত হিসাবে দায়িত্ব পালন করছিলেন সাব্বির।
সোমবার দুপুরে রাজধানীতে র্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র্যাবের মিডিয়া উইং'এর পরিচালক এম সোহায়েল এ তথ্য জানান। গ্রেপ্তার দুজনকে সংবাদ সম্মেলনে হাজির করা হলেও সংবাদকর্মীদের সামনে তাদের কথা বলতে দেওয়া হয়নি।
এই দুজনকে নিয়ে র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ১৮৯ জন হুজি সদস্য গ্রেপ্তার হলো বলে জানান র্যাব কর্মকর্তা। গ্রেপ্তাকৃতদের মধ্যে ৯ জন জামিনে আছে।
গ্রেপ্তারকৃত সাব্বিরের বিরুদ্ধে কোটালিপাড়ায় শেখ হাসিনার জনসভাস্থলের কাছে বোমা পুতে রাখা, ২১ অগাষ্ট গ্রেনেড হামলা, রমনা বটমূলে বোমা হামলাসহ ৬টি মামলা রয়েছে।
র্যাব কর্মকর্তা সোহায়েল বলেন, সাদা পোশাকধারী সদস্য ও বোমা বিশেষজ্ঞ দলসহ র্যাবের শক্তিশালী একটি ইউনিট এ অভিযানে অংশ নেয়।
সংগঠনকে সুসংগঠিত করার উদ্দেশ্যে রাজধানীর পাশে কেরানীগঞ্জে গত ২৫ ফেব্র"য়ারি বাসা ভাড়া নেয় সাব্বির এবং আইনুল হক। এখানে তারা বাড়ির মালিককে তৈরি পোশাক প্রতিষ্ঠানের কর্মী বলে পরিচয় দিয়েছিল।
এ পর্যন্ত ২৩টি স্থানে হুজির বোমা ও গ্রেনেড হামলায় ১১৮ জন নিহত এবং ৯২১ জন আহত হয়েছে বলে সাংবাদিকদের জানান সোহায়েল।
গ্রেপ্তারকৃত দু জনেরই আফগানিস্তানে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করার অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া আফগানিস্তান ফেরত যে কয়জন যোদ্ধা হুজি প্রতিষ্ঠার মূলে ছিলেন তাদের মধ্যে সাব্বির একজন। ভারত হয়ে পাকিস্তান যাওয়ার সময় একবার ভারতের পুলিশের হাতে সাব্বির গ্রেপ্তার হয়েছিল।
সোহায়েল জানান, সাব্বির এবং আইনুল সংগঠনের মধ্যে প্রশিক্ষক হিসাবেও পরিচিত।
২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার পূর্ণ তদন্তের আদেশ হওয়ার পর হুজির বর্তমান আমির মাওলানা শেখ ফরিদ পালিয়ে দুবাই গেছেন বলে র্যাবের ধারণা। তার স্থলে মাওলানা শেখ ইয়াহিয়া দায়িত্ব পালন করছেন।
স
bdnews24