সাকা পরিবারের বিরুদ্ধে চট্টগ্রামের ১২ থানায় জিডি
হামলার আশঙ্কায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পরিবারের ছয় সদস্য ও পাঁচ বিএনপি নেতার বিরুদ্ধে চট্টগ্রামের ১২টি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন একটি রাষ্ট্রদ্রোহ মামলার সাক্ষী আবু তাহের উদ্দিন।
শনিবার রাতে নগরীর কোতোয়ালী, চান্দগাঁও, পাঁচলাইশ, ডবলমুরিং, বন্দর, খুলশী, বায়েজিদ, বাকলিয়া, হালিশহর, পাহাড়তলী, কর্ণফুলী ও পতেঙ্গা থানায় এসব জিডি করেন তিনি। সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা (ওসি) জিডির বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
জিডিতে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, দুই ছেলে ফাইয়াজ কাদের ও হুম্মাম কাদের, সাকা চৌধুরীর ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সাইফুদ্দিন কাদের চৌধুরী, জামাল উদ্দিন কাদের চৌধুরী, নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, উত্তর জেলার সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও বিএনপি নেতা আবুল হাশেম রাজুর নাম উল্লেখ করে তাদের কাছ থেকে নিরপত্তা চেয়েছেন আবু তাহের উদ্দিন।
জিডিতে তিনি বলেছেন, সাকা চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় গত ১৯ জানুয়ারি চট্টগ্রাম আদালত ভবনে সাক্ষ্য দিতে গেলে সাকা চৌধুরীর অনুসারীরা তার ওপর হামলা চালায়। আগামী মঙ্গলবার (২৬ এপ্রিল) এ মামলায় শুনানির জন্য দিন নির্ধারিত আছে।
"উল্লিখিত বিবাদী ও তাদের অনুসারীরা ২৬ এপ্রিল আবারো আমার ওপর হামলা চালাতে পারে।"
এই আশঙ্কায় জিডিতে উল্লিখতি ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন আবু তাহের।
এছাড়া মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরের কথা থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতির আশঙ্কাও প্রকাশ করা হয়েছে জিডিতে।
নিজেকে ওই রাষ্ট্রদ্রোহ মামলার এক নম্বর সাক্ষী উল্লেখ করে আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার সাক্ষী হিসেবে নিজের নিরাপত্তাহীনতা এবং প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার স্বর্থে প্রতিটি থানায় জিডি করেছি।"
তিনি এর আগেও নগরীর বিভিন্ন থানায় সাকা চৌধুরীর বিরুদ্ধে ১৩টি জিডি করেছিলেন।
আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ী আবু তাহের ২০০৯ সালের ৩ ডিসেম্বর চট্টগ্রাম জেলা বিচারিক হাকিমের আদালতে সাকা চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা করেন।
এরপর গত বছরের ২১ ডিসেম্বর ফটিকছড়ি থানার ওসি মফিজ উদ্দিন রাষ্ট্রের অনুমতি নিয়ে ১২৪ (ক) ও ৫০৫ দণ্ডবিধিতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে সাকা চৌধুরীর বিরুদ্ধে আরেকটি মামলা করেন। মামলায় তাহেরসহ পাঁচজনকে সাক্ষী করা হয়।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত বছরের ২০ নভেম্বর সাংসদ সাকা চৌধুরী তার নির্বাচনী এলাকা ফটিকছড়িতে উপজেলা বিএনপির সম্মেলনে বলেন, ১৫ আগস্ট না হলে জাতি ভোটের অধিকার ফিরে পেত না।
১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের বিচারের রায় জাতি গ্রহণ করেনি বলেও জনসভায় মন্তব্য করেন সাকা চৌধুরী।
মামলার বাদী পুলিশ কর্মকর্তা মফিজউদ্দিন বলেন, "এসব বক্তব্যের মধ্য দিয়ে তিনি (সাকা চৌধুরী) রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। গত বছরের ২৮ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি দেয়।"
ফটিকছড়ির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে গত ১৬ ডিসেম্বর রমনা থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়। একাত্তরে মানবতাবিরোধী অভিযোগের মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
