২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সেফ হোম নিয়ে তারা সুন্দরভাবে মিথ্যা বলছেন'

বিএনপির তোলা সেফ হোমে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের অভিযোগ নাকচ করে আইন প্রতিমন্ত্রী বলেছেন, তারা সুন্দরভাবে মিথ্যা বলছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 03:08 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির তোলা সেফ হোমে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের অভিযোগ নাকচ করে আইন প্রতিমন্ত্রী বলেছেন, তারা সুন্দরভাবে মিথ্যা বলছেন। বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মওদুদ আহমেদের বক্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার মন্ত্রণালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে তিনি এ কথা বলেন। নয়া পল্টনে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল 'যুদ্ধাপরাধীদের' জিজ্ঞাসাবাদের জন্য স্থাপিত 'সেফ হোম'কে 'টর্চার সেল' হিসাবে অভিহিত করেন। অন্যদিকে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ওপর নির্যাতন করা হচ্ছে দাবি করে সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ বলেন, এটা আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আইনের লঙ্ঘন। "একজনকে জিজ্ঞাসাবাদের জন্য কী করতে হবে, সে বিষয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। যে সেফ হোম গঠন করা হয়েছে- তা ওই রায়ের পরিপন্থী।" মওদুদের এ বক্তব্যের জবাবে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত সেফ হোমের বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ সুন্দরভাবে মিথ্যা কথা বলেছেন।" "আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সুপ্রিমকোর্ট কোনো নির্দেশনা দেয়নি। ২০০৩ সালে বিচারপতি হামিদুল হক রিমান্ডের আসামিদের জন্য জেল হাজতে জিজ্ঞাসাবাদের নির্দেশনা দিয়েছেন।" "পরে তা আপিল বিভাগে স্থগিত হয়ে যায়। এ ব্যাপারে আর কোনো নির্দেশনাও নেই।" মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ না করার অভিযোগ প্রসঙ্গে আইন প্রতিমন্ত্রী বলেন, "আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী গেজেট করা হয়েছে এবং সে অনুযায়ী সেফ হোম করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/পিডি/২১০৯ ঘ.