২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সেফহোম সেফ নয়, টর্চার সেল'

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘন করে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। (সংশোধিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 08:21 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘন করে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 'যুদ্ধাপরাধীদের' জিজ্ঞাসাবাদের জন্য স্থাপিত 'সেফ হোম'কে 'টর্চার সেল' হিসেবে অভিহিত করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে 'সরকারের তল্পীবাহক ট্রাইব্যুনাল'ও বলেছেন তিনি। বৃহস্পতিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বলেন, "মানবতার অপরাধের প্রহসনের বিচারের নামে সরকার নিজেই মানবতার বিরুদ্ধে অপরাধ করে চলেছে। তারা নিজের ঘরের যুদ্ধারাধীদের মামলায় জড়িত না করে বিরোধী দলকে বিপর্যস্ত করতে মিথ্যা মামলা দিচ্ছে। এ ট্রাইব্যুনাল সরকারের তল্পীবাহক।" যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হচ্ছে দাবি করে সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ বলেন, "এটা বিচারের নামে প্রহসন হচ্ছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর ওপর নির্যাতন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আইনের লঙ্ঘন বলে আমরা মনে করি। "একজনকে জিজ্ঞাসাবাদের জন্য কী করতে হবে, সে বিষয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। যে সেফ হোম গঠন করা হয়েছে- তা ওই রায়ের পরিপন্থী", বলেন তিনি। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালকে বরাদ্দ দেওয়া ধানমণ্ডির একটি বাড়ি তদন্ত সংস্থা, এটাকেই সেফহোম বলা হচ্ছে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে তদন্ত সংস্থা। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, "এখন যেভাবে র‌্যাব ও পুলিশ বিচারবহির্ভূত হত্যা করছে, তা গ্রহণযোগ্য নয়। অতীতে আমাদের শাসনামলে এমনটি হয়নি।" বিএনপির সময়ে গঠিত র‌্যাবের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যার অভিযোগ শুরু থেকেই করে আসছে মানবাধিকার সংগঠনগুলো। আনোয়ার দাবি করেন, রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় ক্ষমতাসীন দলের ৭ হাজার ৬৩ মামলা প্রত্যাহার করে দেড় লাখ 'দাগি আসামি ও সন্ত্রাসী'কে ছেড়ে দেওয়া হয়েছে। বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর সরকার দমন-পীড়ন চালাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/এমআই/১৫১৪ ঘ.