২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'এই কমিটির সঙ্গে আলোচনা নয়'

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটিকে 'একদলীয় কমিটি' উল্লেখ করে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক বলেছেন, বিএনপি এই কমিটির সঙ্গে কোনো আলোচনায় যেতে পারে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 02:30 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটিকে 'একদলীয় কমিটি' উল্লেখ করে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক বলেছেন, বিএনপি এই কমিটির সঙ্গে কোনো আলোচনায় যেতে পারে না। মঙ্গলবার বিকালে রাজধানীর মুক্তাঙ্গনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক সমাবেশে বিএনপির প্রচার সম্পাদক ফারুক বলেন, "এক দলীয় বিশেষ কমিটি সংবিধান সংশোধন করে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম মুছে ফেলে শেখ মুজিবুর রহমানের নাম সংযোজন করবে। সেই কমিটির সঙ্গে কোনো আলোচনায় আমরা যেতে পারি না।" সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি এ বিষয়ে মতামত নেওয়ার জন্য আগামী ২৫ এপ্রিল সকাল ১১টায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বসার পরিকল্পনা করেছে। সংবিধান সংশোধনে মতামত দেওয়ার জন্য আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ সংসদে প্রতিনিধিত্বকারী অন্য দলগুলোকেও আলোচনায় বসার আমন্ত্রণ জানাচ্ছে কমিটি। সংসদ সচিবালয়ের আইন শাখার যুগ্ম সচিব ও সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সচিব এ কে মোহাম্মদ হোসেন জানান, বুধবার রাতের মধ্যেই দলীয় প্রধানদের ঠিকানায় আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন তারা। অবশ্য বিএনপি আগে থেকেই বলে আসছে, এই কমিটির সঙ্গে কেনো আলোচনায় যেতে তারা রাজি নয়। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার স্বেচ্ছাসেবক দলের সমাবেশে বলেন, বিচার বিভাগকে ব্যবহার করে সরকার সংবিধান পরিবর্তনের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার হরণের পরিকল্পনা করেছে। তিনি বলেন, "সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত। তাই তাদের আর সময় দেওয়া যাবে না। মধ্যবর্তী নির্বাচনের জন্য তাদের পদত্যাগে বাধ্য করা হবে।" বিদ্যুৎ, গ্যাস ও পানি সংকটের কথা উল্লেখ করে ফখরুল বলেন, "সরকার এসব সমস্যার সমাধান না করে উল্টো বিরোধী দলের ওপর নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে।'' তারেক রহমানের বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশের সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, "সরকার তারেককে ভয় পায়। নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী এইভাবে বিচার বিভাগকে নির্দেশ দিতে পারেন না। এর মাধ্যমে বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের নগ্ন হস্তক্ষেপ প্রমাণিত হলো।" সংগঠনের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, আন্তর্জাতিক সম্পাদক আসাদুজ্জামান রিপন, নাজিম উদ্দিন আলম, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমইউএস/জেকে/২০২০ ঘ.