ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিন আবেদন নাকচ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
দলটির অন্য চার শীর্ষ নেতার জামিনসহ অন্য আবেদনগুলোর শুনানি হবে বৃহস্পতিবার। সাঈদী ছাড়া অন্য চার জনকে ওই দিন ট্রাইব্যুনালে হাজির করা হবে।
জামায়াত নেতাদের উপস্থিতিতে বুধবার ট্রাইব্যুনালে তদন্তের অগ্রগতির একটি প্রতিবেদন উপস্থাপন করে যুদ্ধাপরাধ তদন্ত সংস্থা।
অগ্রগতির প্রতিবেদন দেখে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল বলেছে, আশা করছি অতিশিগগিরই তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া যাবে।
অপর চার নেতা হলেন- জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা।
ট্রাইব্যুনাল সাঈদীর জামিনের আবেদন নাকচ করে ঢাকার বারডেম হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।
সাঈদীর জামিন চেয়ে তার কৌঁসুলি তানভির আহমেদ বলেন, "তিনি (সাঈদী) ১০ মাস ধরে হেফাজতে রয়েছেন। তিনি ৭০ বছরের বেশি বয়স্ক ও অস্স্থু।"
আদালত জামিন দিলে তিনি (সাঈদী) সব শর্ত মানতে রাজি আছেন জানিয়ে তানভির বলেন, "তিনি পাসপোর্ট জমা দেবেন। ঢাকার ঠিকানায় থাকবেন। তার রাজনৈতিক এলাকা পিরোজপুরেও যাবেন না।"
তবে আবেদন নাকচ করে ট্রাইবুনাল বলেছে, আবেদনকারীদের বিষয়ে তদন্ত শেষ পর্যায়ে বলে জানানো হয়েছে। এ অবস্থায় তার জামিন আবেদন বিবেচনার যুক্তিসঙ্গত কোনো কারণ নেই।
চিকিৎসা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করার নির্দেশ থাকলেও ওই হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে তার সাঈদীর অভিযোগ থাকায় আদালত বারডেম হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। এ চিকিৎসার ব্যয় সাঈদীকেই বহন করতে হবে।
আদেশের পর ট্রাইব্যুনালের কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান সাংবাদিকদের বলেন, সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি পিরোজপুরে হিন্দুদের ঘর বাড়ি লুট করে নেওয়ায় যুক্ত ছিলেন। এ বিষয়ে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। নতুন আরো সাক্ষ্য প্রমাণ পাওয়া যাবে।
নিজামী ও মুজাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য সেফহোমে নেওয়ার অনুমতি ইতোমধ্যেই পেয়েছে তদন্ত সংস্থা। তবে এর বিরোধিতা করেছেন জামায়াত নেতাদের কৌঁসুলিরা।
সকালে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর আগে চার জামায়াত নেতাকে কারাগার থেকে পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে আনা হয়। আদালতের কাজ শুরু হওয়ার কিছু সময় পর হাজির করা হয় মুজাহিদকে।
গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে এ পর্যন্ত মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দল জামায়াতের এ পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া দুই বিএনপি নেতাকেও আটক করা হয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
সাংবাদিককে সতর্ক করলো ট্রাইব্যুনাল
শুনানির এক পর্যায়ে আদালতে উপস্থিত নিউ এজ পত্রিকার সাংবাদিক ডেভিড বার্গমানকে দাঁড়াতে বলেন আদালত। তার লেখা একটি প্রতিবেদনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আদালত বলে, "আপনার প্রতিবেদন লেখার ধরন চমৎকার। তবে আপনি ট্রাইবুনালের কার্যক্রম সম্পর্কে ওয়াকিবহাল নন।"
আদালত বলে, "ওই প্রতিবেদনে ট্রাইব্যুনালকে রাবার স্টাম্প বলা হয়েছে। এছাড়া আরো মর্যাদাহানিকর শব্দ ব্যবহার করা হয়েছে। এটা আদালত অবমাননাকর। ভবিষ্যতে এ ধরনের প্রতিবেদন লিখলে আপনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে। বিদেশি সাংবাদিক বিবেচনায় এবারের জন্য আপনাকে ক্ষমা করা হলো।"
শুনানির শুরুতে বিদেশি পর্যবেক্ষক টবি ক্যাডম্যান সম্পর্কে আপত্তি জানিয়ে প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেন, "এই বিদেশি পর্যবেক্ষক জামায়াতে ইসলামীকে প্রতিনিধিত্ব করে।"
ক্যাডম্যানকে পর্যবেক্ষণের জন্য বুধবার অনুমতি দেওয়া হয়েছে বলে জানায় আদালত।
'দেলু' সম্বোধনে সায়
ট্রাইব্যুনালে প্রসিকিউটররা দেলাওয়ার হোসাইন সাঈদীকে 'দেলু' ওরফে 'দেইল্যা' বলে সম্বোধন করায় তার কৌঁসুলি তানভির আহমেদ ওই শব্দ প্রত্যাহার করার আবেদন জানান।
আদালত ওই আবেদন নাকচ করে বলে, "আমাদের বিচার ব্যবস্থায় ওরফে শব্দ লিখে একজন ব্যক্তিকে সনাক্ত করার জন্য একাধিক নাম ব্যবহার করার নজির রয়েছে।"
মুক্তিযুদ্ধের সময় সাঈদী এলাকায় এসব নামে পরিচিত ছিলো বলে প্রসিকিউটরা তুলে ধরেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭৩৫ ঘ.
bdnews24