বরিশাল, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল এবং সমাবেশে পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসে অন্তত ৪০ নেতাকর্মী আহত হয়েছে। দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
গ্যাস সঙ্কট নিরসনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা ও মহানগর বিএনপি নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সমাবেশ শেষ করে মিছিল শুরু করলে পুলিশের তোপে পড়ে।
মিছিলটি সদর রোড বিবি পুকুরের পশ্চিমপাড়ে পৌঁছলে পুলিশ তাতে বাধা দেয়।
জেলা বিএনপির নেতা মো. মন্টু খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে যেতে চাইলে ব্যাপক লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছোড়ে।
এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। আহতদের মধ্যে রয়েছেন সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল কবির জাহিদ, জিয়াউদ্দিন সিকদার, কামরুল আহসান রতন, হাফিজউদ্দিন আহম্মেদ বাবলু, মো. জসিমউদ্দিন ও মো. জুম্মান প্রমুখ।
সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহিউদ্দিন শেখ সাংবাদিকদের বলেন, কোনো অনুমতি ছাড়াই কর্মসূচির আয়োজন করে বিএনপি। সমাবেশ করার পর তাদের মিছিল না করতে বলা হলেও তারা শোনেনি।
মিছিলে বাধা দেওয়ায় বিএনপি নেতাকর্মীরাই আগে পুলিশের ওপর চড়াও হয় বলে দাবি করেন মহিউদ্দিন।
তিনি জানান, বিএনপিকর্মীদের হামলায় উপ-পরিদর্শক (এসআই) হেলালুজ্জামান হেলাল আহত হন।
কোতোয়ালি মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের ওপর হামলার কারণে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এই ঘটনায় পুলিশ মামলা করবে বলে জানান ওসি।
এদিকে, বিএনপির অন্য একটি অংশ পরে নগরীর শহীদ মিনার থেকে আরেকটি মিছিল বের করে। মিছিলটি সদর রোডে ঢুকলে পুলিশ তাতে বাধা দেয় ও লাঠিচার্জ করে বলে জানান যুবদল নেতা মোমেন সিকদার।
এতে ২০ নেতাকর্মী আহত হয় এবং ৪ নেতাকর্মীকে আটক করা হয় বলে দাবি করেন ওই যুবদল নেতা।
তবে মিছিলে বাধা দেওয়া ও লাঠিপেটার কথা স্বীকার করলেও পরের মিছিল থেকে কাউকে আটকের কথা অস্বীকার করেন কোতোয়ালি থানার ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫২৪ ঘ.
bdnews24