২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ-পিরোজপুরে পুলিশি হামলায় পণ্ড বিএনপির কর্মসূচি

ঝিনাইদহ ও পিরোজপুরে বিএনপির কেন্দ্রঘোষিত বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পুলিশি হামলায় পণ্ড হয়ে গেছে। লাঠিপেটায় আহত হয়েছে অন্তত ২২।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 07:25 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ ও পিরোজপুরে বিএনপির কেন্দ্রঘোষিত বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পুলিশি হামলায় পণ্ড হয়ে গেছে। লাঠিপেটায় আহত হয়েছে অন্তত ২২। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া সম্পর্কিত প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে শনিবার সারাদেশে বিক্ষোভের কর্মসূচি দেয় বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি জানান, জেলা শহরে সকাল ১১টার দিকে মিছিল বের করে বিএনপি। মিছিলটি পায়রা চত্বর হয়ে সরকারি কেসি কলেজের পথে এগোলে পুলিশ বাধা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিলকারীরা পুলিশি বাধা উপেক্ষা করে এগোতে চাইলে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ লাঠিপেটার পাশাপাশি শটগান থেকে ফাঁকা গুলিও ছোড়ে। বিএনপির দাবি, পুলিশ বিনা উস্কানিতে মিছিলে হামলা চালায়। অন্যদিকে পুলিশ বলছে, সংঘাত এড়াতে মিছিল করতে মানা করা হলে নেতা-কর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। তখন পুলিশ এর জবাব দেয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক সাংবাদিকদের বলেন, "পুলিশ বিনা উস্কানিতে আমাদের মিছিলে হামলা চালিয়েছে। লাঠিপেটায় আহত হয়েছে অন্তত ১৯ জন।" ঝিনাইদহ সদর হাসপাতালের ব্রাদার আশরাফ হোসেন জানান, আহত একজন হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন। মালেক বলেন, আহত অন্যরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের জন্য বিএনপিকে দায়ী করে সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী সাংবাদিকদের বলেন, "কেসি কলেজে ছাত্রলীগকর্মীরা মিছিলে বাধা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে খবর আসে। তাই সংঘাতের আশঙ্কায় পুলিশ মিছিলটি আটকালে মিছিলকারীরা কর্তব্যরত সহকারী পুলিশ সুপারকে ধাক্কা দেয় এবং ইট ছুড়তে থাকে। তখন পুলিশ লাঠি চালায়।" মিছিল ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড শটগানের গুলি ছোড়ার কথাও স্বীকার করেন ওসি। তবে সংঘর্ষে কেউ আহত হয়েছেন কিনা, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। পিরোজপুর প্রতিনিধি জানান, সকালে বিএনপি কার্যালয় থেকে জেলা বিএনপির আহ্বায়ক গাজী নুরুজ্জামান বাবুল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনের নেতৃত্বে আলাদা মিছিল বের হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবুলের নেতৃত্বে মিছিলটি পুরাতন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছলে পুলিশ তাতে বাধা দেয় ও লাঠিপেটা করে। এতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শহিদুল্লাহ শহিদ, সায়েম সরদার ও আল আমিন আহত হন। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পরপরই বাবুল গ্র"পের সমর্থকরা দলীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করে পুলিশি হামলার নিন্দা জানান। অন্যদিকে পুলিশি হামলার প্রতিবাদ এবং তারেক-কোকোর বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়ার দাবি জানিয়ে আলমগীর হোসেনের নেতৃত্বে তার সমর্থকরা সোনালী ব্যাংকের সামনে সমাবেশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৪২৫ ঘ.