২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন আইন-শৃঙ্খলা নিয়ে ১৯ এপ্রিল ইসির বৈঠক

দ্বিতীয় পর্বে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে ১৯ এপ্রিল বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 02:19 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় পর্বে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে ১৯ এপ্রিল বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নির্বাচন কমিশন (ইসি) বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। ১৯ এপ্রিল সকাল ১১টায় ইসির সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার সভাপতিত্বে ওই বৈঠক হওয়ার কথা। ইতোমধ্যে স্বরাষ্ট্র সচিব, মহা পুলিশ পরিদর্শক, বিজিবি মহাপরিচালক, আনসার ও ভিডিপি মহাপরিচালক এবং র‌্যাব ও কোস্টগার্ড মহাপরিচালককে বিষয়টি জানানো হয়েছে। সাখাওয়াত বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সারাদেশে কী পরিমাণ ফোর্স মোতায়েন করতে হবে এবং সংশ্লিষ্ট এলাকায় কতদিন পর্যন্ত তারা মোতায়েন থাকবে- ১৯ এপ্রিল এসব বিষয়ে সুনির্দিষ্ট আলোচনার পর তফসিল ঘোষণা করা হবে। মে মাসের শেষ দিকে শুরু হয়ে জুন পর্যন্ত কয়েক ধাপে নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রথম দফায় গত ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত পাঁচশ ৫৩ ইউপি'র নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে মেয়াদোত্তীর্ণ সাড়ে তিন হাজারেরও বেশি ইউপির নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/পিডি/২০১৩ ঘ.