ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের মামলায় কেরানীগঞ্জের ৮২ বিএনপি নেতাকর্মীকে ৩ সপ্তাহের জন্য জামিন দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি এএনএম বশিরউল্লাহর অবকাশকালীন বেঞ্চ আসামিদের আবেদনে মঙ্গলবার অন্তর্বর্তীকালীন জামিনের এ আদেশ দেয়।
আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। সরকার পক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আশেক মোমিন।
গত ৮ এপ্রিল কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নে বিএনপির সভায় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
এ ঘটনায় ওই দিনই ৮২ জনকে আসামি করে মামলা করে পুলিশ। বিএনপির দাবি, এ মামলা হয়রানিমূলক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমইউএস/এমআই/১৫৪০ ঘ.
bdnews24