২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে পাউবোর কাজের দরপত্রে বাঁধার অভিযোগ

নাটোরে সাধারণ ঠিকাদাররা যুবলীগ নেতাদের চাপের মুখে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক কোটি ঊনত্রিশ লাখ টাকার কাজের দরপত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 01:13 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

নাটোর, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে সাধারণ ঠিকাদাররা যুবলীগ নেতাদের চাপের মুখে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক কোটি ঊনত্রিশ লাখ টাকার কাজের দরপত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ উঠেছে। স্থানীয় ঠিকাদাররা অভিযোগ করেন, সোমবার দুপুর ১২টা পর্যন্ত পাউবোর নাটোর কার্যালয়ে দরপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিলো। কিন্তু সরকারি দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের নেতা-কর্মীরা ওই কার্যালয়ে উপস্থিত থেকে দরপত্র জমাদানে বাঁধা দেয়। পানি উন্নয়ন বোর্ডের নাটোর কার্যালয় সূত্রে জানা যায়, নাটোরের বারনই নদীর ডান তীর সংরক্ষণের জন্য ব্লক স্থাপনের কাজের দরপত্র আহ্বান করা হয় গত ২২ মার্চ। এক কোটি ঊনত্রিশ লাখ টাকার এই কাজের দরপত্র বিক্রয় করা হয় নাটোর ও রাজশাহীতে অগ্রণী ব্যাংকের দুটি শাখা থেকে। অগ্রণী ব্যাংক নাটোর শাখা থেকে ৩৩টি ও রাজশাহী (ওয়াপদা) শাখা থেকে ১৫টি দরপত্র বিক্রি হয়। ১১ এপ্রিল সোমবার দুপুর ১২টার মধ্যে নাটোর কার্যালয়ে দরপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। কিন্তু বেশিরভাগ ঠিকাদার তাদের দরপত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ করেন। দুপুর ১টায় দরপত্রের বাক্স খোলার পর দেখা যায় বিক্রিত ৪৮টি দরপত্রের মধ্যে মাত্র ৬টি জমা পড়েছে। দুপুর ১২টার দিকে সরেজমিন পাউবোর কার্যালয়ে গিয়ে দেখা যায়, জেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলামসহ ২৫/৩০ জন যুবক পার্লামেন্টের কার্যালয়ের সামনে জটলা করে দাঁড়িয়ে আছেন। নির্ধারিত সময় পার হওয়ার পর তারা সেখান থেকে চলে যান। এসময় নাটোরের ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স শেখ এমদাদুল হক আল মামুন ট্রেডার্সের প্রতিনিধি শামীম আল হাসান এই প্রতিনিধিকে বলেন, "আমি ১২টা বাজার ১০ মিনিট আগে দরপত্র জমা দিতে এসেছিলাম। যুবলীগের নেতারা আমাকে দরপত্র নিয়ে অফিসে ঢুকতে দেননি। তারা আমাকে তাদের কাছে দরপত্র দিয়ে দিতে বলেছিলেন। আমি ভয়ে সেখান থেকে চলে এসেছি। একইভাবে ঢাকার ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি গোলাম রব্বানি ও রাজশাহীর ঠিকাদার শাহীন আলম দরপত্র জমা দিতে পারেননি বলে জানান। যুবলীগ নেতাদের চাপে তারা দরপত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ করেন। রাজশাহীর ঠিকাদার সাজ্জাদ হোসেন বলেন, "সকালে আমি একটি দরপত্র জমা দিতে পেরেছি। তবে আরো ১৫টি দরপত্র জমা দিতে পারিনি। পরে যুবলীগ নেতাদের সাথে আলোচনা করে তাদের কাছে দরপত্রগুলো দিয়েছি। তারা এ ব্যাপারে সমঝোতার আশ্বাস দিয়েছেন। নাটোর জেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সবাই পাউবো কার্যালয়ে দরপত্র জমা দিতে গিয়েছিলাম। কাউকে দরপত্র জমাদানে বাঁধা দেওয়া হয়নি। দরপত্র জমা না দেওয়ার জন্য আমরা কাউকে চাপ দেইনি। রাজশাহীর ঠিকাদাররা কার হাতে দরপত্র জমা দিয়ে গেছেন তাও আমার জানা নাই। মাত্র একটা কাজের টেন্ডার। আমরা নাটোরের ঠিকাদাররা সবাই আলাপ আলোচনা করে কাজটা করবো বলে মনে করছি। এখানে কোন টেন্ডারবাজি হয়নি।" পাউবোর নির্বাহী প্রকৌশলী ধীরেন্দ্রনাথ সরকার বলেন, "দরপত্র জমাদানে বাঁধা দেওয়ার কোন অভিযোগ আমার কাছে আসেনি। আমি নির্ধারিত সময়ের মধ্যে ৬টি দরপত্র জমা পেয়েছি।" ৪৮টি দরপত্র বিক্রি হওয়ার পরও মাত্র ৬টি দরপত্র কেন জমা পড়লো- এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, "এটা ঠিকাদারদের ব্যাপার। তারা দরপত্র কেনার পর কেন জমা দেননি তা আমি বলতে পারবো না। আমার কার্যালয়ের ভেতরে আইন শৃঙ্খলা বিষয়ে কোন ঘাটতি ছিল না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯১৫ ঘ.