ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধন করে সংসদীয় পদ্ধতির পরিবর্তে আবার রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।
সোমবার বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় পার্টিতে বিভিন্ন দলের নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, "রাষ্ট্রপতিশাসিত এবং প্রাদেশিক পদ্ধতির সরকার ব্যবস্থা চালু হলে দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং জনগণ ভালো থাকবে। তাই সংবিধান সংশোধন করে সংসদীয় পদ্ধতির পরিবর্তে আবারো রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা চালু করা যেতে পারে।"
গণআন্দোলনে এরশাদের পতনের পর ১৯৯১ সালে দেশে পুনরায় সংসদীয় পদ্ধতির সরকার চালু হয়।
এরশাদ বলেন, "এদেশের মানুষ রাষ্ট্রপতিশাসিত এবং প্রধানমন্ত্রী শাসিত (সংসদীয় পদ্ধতির) সরকার ব্যবস্থা দেখেছে। এখন জনগণ এই দুই ব্যবস্থার মধ্যে তুলনা করে বলছে, রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থাই ভালো।"
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রপতি হওয়ার বিষয়টিও তুলে ধরেন মহাজোটশরিক জাতীয় পার্টির চেয়ারম্যান।
"দেশে গণভোট নিলে দেখা যাবে জনগণ এই পদ্ধতিকেই সর্মথন করছে", বলেন তিনি।
প্রাদেশিক সরকার ব্যবস্থা চালুর আহ্বান জানিয়ে এরশাদ বলেন, "সবকিছু ঢাকাকেন্দ্রিক না করে বিকেন্দ্রীকরণ করতে হবে।"
উচ্চ আদালতের মামলার জট কমাতে প্রতিটি বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ স্থাপন করার পক্ষেও বলেন তিনি।
এরশাদের সময়ে ঢাকার বাইরে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও সর্বোচ্চ আদালত তাতে বাধ সেধেছিলো।
অনুষ্ঠানে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই শতাধিক এবং উপজেলা যুবদলের সভাপতি কে এম রুহুল আমিনের নেতৃত্বে যুবদলের শতাধিক নেতাকর্মী এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, বাগেরহাট জেলার সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৬০০ ঘ.
bdnews24