মৌলভীবাজার, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই সময়ে একই স্থানে দুটি ইসলামি সংগঠন সভা ডাকায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ১৪৪ ধারা জারি সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
উপজেলার মির্জাপুর ইউনিয়নের ধোবাঘাট বাজারে সোমবার দুপুর ২টা বিকাল ৬টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহম্মদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে সময়সীমা বাড়ানো হতে পারে।"
মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইসলামী আইন বাস্তবায়ন পরিষদের অনুসারীরা দুপুর ২টায় ধোবাঘাট বাজারে নারী উন্নয়ন নীতির প্রতিবাদে সভা আহ্বান করে। একই স্থানে একই সময়ে স্থানীয় আওয়ামী ওলামা লীগও পাল্টা সভা আহ্বান করে।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) নীহার রঞ্জন নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে ইউএনও সভাস্থল এলাকায় সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করেন।
স্থানীয় ওলামা লীগের সভাপতি মাওলানা আসাদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যারা পরিকল্পিতভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে চায়, তাদের প্রতিহত করতেই পাল্টা সমাবেশ আহ্বান করেছিলাম।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৫৩৬ ঘ.
bdnews24