মাদারীপুর, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সংঘর্ষে আহত মাদারীপুর সদর উপজেলা যুবলীগ সভাপতি মিলন খান মারা গেছেন।
সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ৩১ মার্চ সংঘর্ষে তিনি আহত হন।
রোববার বিকালে ঢাকার জাতীয় হৃদরোগ হাসপাতালে তার মৃত্যু হয়।
জেলা যুবলীগ সাধারণ সম্পাদক পাভেলুর রহমান শফিক খান বলেন, কলেজ সংসদ নির্বাচনের দিন জেলা আওয়ামী লীগের একটি গ্র"প তার (পাভেলুর রহমান শফিক খান) উপর হামলা চালায়। এ সময় অন্যদের সঙ্গে মিলন খান তাকে বাঁচাতে এগিয়ে যান।
হামলায় তিনি নিজে, অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট নাহিদুল ইসলাম, যুবলীগ নেতা মিলন খানসহ আওয়ামী লীগের ৭/৮ জন নেতাকর্মী আহত হন।
গুরুতর আহত মিলন খানকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতাল, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার আরো অবনতি হলে পাঠানো হয় ঢাকার জাতীয় হৃদরোগ হাসপাতালে।
শফিক খান আরো বলেন, ওই ঘটনায় ৩ এপ্রিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে তিনি বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সে অভিযোগই এখন হত্যা মামলায় পরিণত হবে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৫ ঘ.
bdnews24