নোয়াখালী, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে পৌরসভা নির্বাচনে স্থগিত হওয়া ১৭টি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণসহ ১০ দফা দাবি দিয়েছে বিএনপি।
শনিবার দুপুরে জেলা শহর মাইজদীতে এক সংবাদ সমম্মেলনে এই দাবি জানানো হয়।
বিএনপি'র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি মো. শাহজাহানের বাসায় এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
তাদের দাবির মধ্যে রয়েছে- স্থগিত কেন্দ্রগুলোতে নতুন করে ভোট গ্রহণের সময় নির্বাচন কমিশন সচিবালয়ের একজন কর্মকর্তাকে রির্টানিং অফিসার নিয়োগ, নতুন রংয়ের ব্যালটের ব্যবস্থা করা, ভোটকেন্দ্রে সেনা ও র্যাব মোতায়েনসহ অন্য জেলা থেকে প্রিজাইডিং অফিসার ও পুলিশ কর্মকর্তাদের নিয়োগ, প্রত্যেক কেন্দ্রে একজন করে জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ, দায়িত্বশীল কর্মকর্তাদের উপস্থিতিতে ভোট গণনা ও ফলাফর ঘোষণা, নির্বাচন নিয়ে দলীয় কর্মী-সমর্থকদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি না করা এবং ভোটকেন্দ্র এলাকায় বহিরাগতদের গ্রেপ্তার করা।
গত ১৮ জানুয়ারি নোয়াখালী পৌরসভায় নির্বাচন চলাকালে ব্যালট ছিনতাই ও নির্বাচনী কর্মকর্তাদের মারধরসহ বিভিন্ন অনিয়ম-সহিংসতার অভিযোগে ২৫টি কেন্দ্রের মধ্যে ১৭টির ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।
পরে নির্বাচন কমিশন বিষয়টি তদন্ত শেষে পৌরসভার ১১ কেন্দ্রের ফলাফল রেখে বাকি ১৪টি কেন্দ্রে আগামী ১৬ এপ্রিল পুনরায় ভোটগ্রহণের তারিখ ঘোষণা করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. শাহজাহানসহ স্থানীয় নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৩ ঘ.
bdnews24