ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন দায়িত্বভার নিয়ে বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম অফিস করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কার্যালয়ের তৃতীয় তলায় মহাসচিবের জন্য নির্ধারিত কক্ষে প্রবেশের পর তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান দলীয় নেতারা।
সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ও আসাদুল করিম শাহিনসহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা তাকে অভিনন্দন জানান।
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, নির্বাহী কমিটির সদস্য আবেদ রাজা, মাহবুবুল হক নান্নু, ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এ সময় উপস্থিত ছিলেন।
কার্যালয়ের প্রথম দিনেই ভারপ্রাপ্ত মহাসচিব তার দপ্তরিক কাজের মধ্যে বাংলা নববর্ষের শুভেচ্ছা কার্ড মুদ্রনের জন্য অনুমোদন দেন।
পরে তিনি নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব থাকাকালে কৃষক দলের সভাপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম নয়া পল্টনের কার্যালয়ের চতুর্থ তলায় কৃষক দলের অফিসে বসতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৬৩৩ ঘ.
bdnews24