ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার পল্টন এলাকা থেকে গ্রেপ্তার আট শিবিরকর্মীকে দুদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তাদের এ জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
সংশ্লিষ্ট আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল গাফ্ফার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হেফাজতের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে তাদের হাজির করে পল্টন থানার উপ-পরিদর্শক নূরুল আলম জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন সময় চান।
একই দিন গাড়ি ভাংচুরের আরেক মামলায় গ্রেপ্তার আরো ১০ শিবিরকর্মীকে একই আদালতে হাজির করে পাঁচদিনের হেফাজত চাওয়া হয়।
আগামী ১১ এপ্রিল এ আবেদনের শুনানির জন্য তারিখ রেখেছেন মহানগর হাকিম আসাদুজ্জামান নূর।
মঙ্গলবার পল্টন এলাকায় শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় তাদের গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/পিডি/২০৪২ ঘ.
bdnews24