নীলফামারী, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
এজন্য তিনি দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
বুধবার বিকালে নীলফামারী জেলা জাতীয় পার্টি কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
জাতীয় পার্টিকে আবারো সুদিনে ফেরাতে নীলফামারী জেলায় প্রতিটি ইউনিয়নে গ্রাম পর্যায় থেকে দলের ভিতকে মজবুত করতে হবে বলে তিনি মত দেন।
এরশাদ দু'দিনের ব্যক্তিগত সফরে মঙ্গলবার রংপুরে যান।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা ইলিয়াছ হোসেন বাবলু, সাজ্জাদ পারভেজ, শ্রমিক পার্টির আহ্বায়ক বজলার রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯১৮ ঘ.
bdnews24