ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার সন্ধ্যা ৭টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক বসবে বলে জানিয়েছেন খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যা ৭টায় স্থায়ী কমিটির বৈঠক বসবে। এতে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।''
সৌদি আরবে ওমরাহ পালন ও চিকিৎসা শেষে সোমবার দেশে ফেরেন বিরোধী দলীয় নেতা। মঙ্গলবার তিনি এই বৈঠক ডাকার জন্য তার দপ্তরকে নিদের্শ দেন বলে জানান প্রেস সচিব।
এর আগে সোমবার দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সাংবাদিকদের বলেছিলেন, আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করতে শিগগিরই স্থায়ী কমিটির বৈঠক ডাকা হবে।
দলের স্থায়ী কমিটির একাধিক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংবিধান সংশোধন, আন্দোলনের কর্মসূচি, নারী নীতিসহ বিভিন্ন বিষয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা করে দলীয় কর্মকৌশল নির্ধারণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯২২ ঘ.
bdnews24